২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিস্টেম পুনর্গঠনের’ প্রতিশ্রুতি দিলেন বিসিবির নতুন সভাপতি

ক্রিকেট বোর্ডের দুর্নীতি কমানো এবং সুন্দর একটি সিস্টেম তৈরি করায় জোর দিতে চান বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 07:14 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

‘আজকে কম কথা বলব… ছোট রাখতে চাই’, সংবাদ সম্মেলনের শুরুর দিকেই বলে নিলেন ফারুক আহমেদ। কিন্তু শেষ পর্যন্ত সেই সংবাদ সম্মেলন হলো এক ঘণ্টার বেশি সময় ধরে। বিসিবির নতুন সভাপতি নিজে বক্তব্য দিলেন প্রায় ১২ মিনিট। এরপর প্রশ্নের পর প্রশ্ন, প্রসঙ্গের পর প্রসঙ্গ। ধৈর্য ধরে লম্বা সময় নিয়ে সব প্রশ্নের উত্তর দিলেন তিনি। সেখানে থাকল অনেক প্রতিশ্রুতি, আশাবাদ ও নতুন দিনের জয়গান।

প্রায় এক যুগ দায়িত্ব পালন করে নাজমুল হাসানের পদত্যাগের পর বুধবার বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির জরুরি সভায় এই পালাবদলের আনুষ্ঠানিকতার পর বিকেলে বিসিবিতে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নিজের কথা বলার পাশাপাশি অনেক প্রশ্নের উত্তর দেন সাবেক এই অধিনায়ক।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের গণআন্দোলনে রূপ নেওয়া অভ্যুত্থানে প্রাণ দেওয়ার সবার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে শুরু হয় সংবাদ সম্মেলন। 

শুরুতেই নতুন দায়িত্ব নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান ফারুক। তিনিই প্রথম সাবেক ক্রিকেটার, যিনি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই পদে বসলেন। ক্রিকেটার হিসেবে তার ক্যারিয়ার ছিল দেড় যুগের বেশি। দেশকে নেতৃত্ব দিয়েছেন ১৯৯৩ আইসিসি ট্রফিতে, দেশের প্রতিনিধিত্ব করেছেন ১৯৯৯ বিশ্বকাপে। পরে প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন বোর্ডে। দীর্ঘ পথ পেরিয়ে এখন তিনি বিসিবি সভাপতি। সেই তৃপ্তিটুকু তিনি লুকালেন না। 

“আমি অত্যন্ত গর্বিত। খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমার খেলোয়াড়ি জীবন থেকে ধরলে, ১৯৮২ থেকে আজকে ২০২৪ সাল, ৪২ বছরের বেশি হবে (ক্রিকেটে সম্পৃক্ত)। বিভিন্ন পরিক্রমায় আমি খেলেছি, অধিনায়কত্ব করেছি। নির্বাচক কমিটিতে ছিলাম। সবাই জানে দুই দফায়, আসলে তিন দফায় ছিলাম। ছোট্ট একটা মেয়াদে ছিলাম খেলোয়াড় থাকার সময়। তার পর এখানে এসেছি (সভাপতি হিসেবে)।”

নিজের প্রতিক্রিয়া জানানোর পরই ফারুক বললেন, দেশের ক্রিকেট পরিচালনার পদ্ধতি তিনি নতুন করে সাজাতে চান। 

“বাংলাদেশের মতো সম্ভাবনাময় একটা দেশের যতটা করার দরকার ছিল, আমরা ততটা পারিনি। আমাদের সাফল্য একদম কম নেই। তবে সুনির্দিষ্টি কিছু জায়গায় আমাদের আরও উন্নতি করার দরকার ছিল, আমরা পারিনি। আমাদের দায়িত্ব হবে, এই সিস্টেমটাকে পুনর্গঠন করা।”

“অনেক সময় অনেক কাজ করা যায় না, অনেক বাইরের চাপ থাকে। আশা করব যে, এবার আমি সভাপতি থাকার অবস্থায়, যতটুকু সম্ভব, এটা সুন্দর সিস্টেম দাঁড় করাতে চাই।”

নিজের অতীত টেনেও এখানে উদাহরণ তুলে ধরলেন ফারুক। ২০১৬ সালে যখন দ্বি-স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি গঠন করে প্রধান নির্বাচকের গুরুত্ব কমানো হয়েছিল, তখন এটির প্রতিবাদে এবং আরও বেশ কিছু অভিযোগ করে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন তিনি। এখন তিনিই যখন বোর্ডের সর্বোচ্চ ব্যক্তি, মূল জায়গায় তাই তিনি হাত দিতে চান। 

“এটা অনেক পুরোনো কথা। একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে আমি পদত্যাগ করেছিলাম। আমার কাছে তাই এটিই সবচেয়ে বড় প্রাধান্য পাবে যে, সিস্টেম তৈরি করতে চাই।”

বোর্ডের গঠনতন্ত্র বদলানো হবে বলে জানালেন ফারুক আহমেদ। বোর্ড পরিচালক ও সভাপতি হওয়ার বর্তমান পদ্ধতিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিলেন তিনি। তার লক্ষ্য, সত্যিকারের ক্রিকেটপ্রেমী মানুষগুলোই যেন বোর্ডে জায়গা পেতে পারেন। বোর্ড পরিচালকদের জন্যও পরিষ্কার বার্তা তিনি দিয়ে রাখলেন। 

“সত্যিকার অর্থেই যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায়, তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। ১৮ কোটি মানুষের দেশে, আমাদের খেলোয়াড়, দর্শক, আপনারা (সংবাদমাধ্যম), সবাই এত বেশি খেলাপাগল ও ক্রিকেটপাগল, সেখানে অনেক উপাদান ঢুকে যায় এবং ক্রিকেট বোর্ড অনেক গ্ল্যামরাস হয়ে যায়। সবাই এটার অংশ পেতে চায়। আমি চাইব, আমাদের প্রথম প্রাধান্য হবে ক্রিকেটের উন্নতি।”

“যাদের কাজ করার আগ্রহ কম… শুধু বোর্ড পরিচালক হিসেবে থাকতে চায়… এই পরিচয় আসলে গর্ব করার মতো কিছু হবে না। তাদের কাছ থেকে আশা করব… তারা সবাই দারুণ সামর্থ্যবান.. তারা যদি একটু চেষ্টা করে, সময় দেয়, আমার মনে হয় ভালো একটা জায়গায় আমরা যেতে পারব।”

নাজমুল হাসানের সময়ে গত এক যুগে বোর্ডে আর্থিক অনিয়ম, কমিশন বাণিজ্য, সিন্ডিকেট গড়া, প্রশাসনিক নানা অনিয়মসহ অনেক অভিযোগ উঠেছে বারবার। ফারুক জানালেন, এসব দিকে তার বিশেষ দৃষ্টি থাকবে। 

“প্রতিটি সেক্টরে বাংলাদেশ এমন দুর্নীতি হয়েছে, এটা আমরা সবাই জানি। আমরা সবাই বাংলাদেশের মানুষ। প্রতিটি সংস্থায় যে দুর্নীতির কথা শুনেছি, ক্রিকেট বোর্ড এটির বাইরে নয়। যদি এরকম কিছু থাকে, অবশ্যই আমরা খোঁজ নেব। দুর্নীতি পুরোপুরি বন্ধ করা যাবে না। কেউ যদি এটা বলে, আমি বিশ্বাস করব না। তবে একটা সিস্টেম চালু করতে হবে, যেখানে এসব (দুর্নীতি) আমরা কমাতে পারব।”

“আমার মেয়াদ কতদিন হবে, এটা জানি না। তবে আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি, আমার সময়কাল যতদিন থাকবে, ততদিন সর্বোচ্চ চেষ্টা থাকবে এই জিনিসগুলোর খেয়াল রাখা।”

বোর্ড সভাপতি হিসেবে শুরুতে একটু ছোট বিষয়গুলোর দিকে নজর দিতে চান না ফারুক। শুরুতে যে জায়গাগুলোকে প্রাধান্য দেবেন, সেসবের একটি স্পষ্ট ছবি তিনি মেরে ধরলেন। 

“আমরা প্রথমেই মাইক্রো-ম্যানেজমেন্টে যাব না। যেগুলো গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেমন জাতীয় দলের খেলা বাদ দেওয়া যাবে না। জাতীয় দল প্রাধান্য পাবেই। সঙ্গে গেম ডেভেলপমেন্ট, এইচপি (হাই পারফরম্যান্স), ফ্যাসিলিটিজ, গ্রাউন্ডস, এই ধরনের চার-পাঁচটা জায়গা আছে, যেগুলো ক্রিকেটের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এসব জায়গায় ফোকাস করতে হবে।”

“তিন-চার বছর পরও যাতে আমাদের বলতে না হয় যে, ঘরোয়া ক্রিকেটে উন্নতি করতে হবে বা পিচ ভালো করতে, এইচপি দল ভালো করতে হবে বা ‘এ’ দলের সফর বেশি করতে হবে। আমরা সবাই চেষ্টা করব। অনেক পারিপার্শ্বিক ব্যাপার থাকে। যারা কাজ করেছেন, তাদের অনেকের ইচ্ছা করলেও অনেক কিছু হয়নি। আবার অনেকের ইচ্ছাও ছিল না। আমরা চেষ্টা করব।”

নতুন সভাপতি বারবারই বলেছেন, কাজ করার অনেক জায়গা আছে এবং সেজন্য যথেষ্ট সময় তাদের প্রয়োজন। রাতারাতি যে পরিবর্তন সম্ভব নয়, সেটি মনে করিয়ে দিয়েছেন বারবার। তবে কাজের মাধ্যমেই তিনি প্রমাণ করতে চান নিজেকে। 

“আমাদের লক্ষ্য হবে কাজের মাধ্যমে প্রমাণ করা। আমি মুখে অনেক কিছু বললাম, অনেক স্বপ্ন দেখালাম, কিন্তু দেখতে গিয়ে যদি দেখেন যে, কথার কাছাকাছি কিছু আমি করতে পারিনি, তাহলে তো হবে না। এজন্য কথা কমিয়ে দিয়ে, ক্রিকেটের জন্য যে জায়গাগুলি গুরুত্বপূর্ণ, ওই জায়গাগুলোকে প্রাধান্য দিয়ে কাজ করব।”

 “সমালোচনা না হলে কখনোই কোনো কিছু ভালো দিকে যাবে না। সমালোচনা নেওয়ার ক্ষমতা আমার আছে। আপনারা (সংবাদমাধ্যম) ওই চিন্তা করবেন না। তবে সমালোচনা যেন গঠনমূলক হয়, এই আশা করব।”