Published : 27 Jan 2026, 09:34 PM
রাজনীতি কেবল ক্রিকেটেরই নয়, পুরো মানবতার ক্ষতি করছে বলে মনে করছেন সাকলায়েন মুশতাক। পাকিস্তানের সাবেক স্পিনারের মতে, ক্রিকেট থেকে রাজনীতিকে চিরতরে নির্মূল করা উচিত। তা না হলে, দেশগুলোর মধ্যে ঐক্য গড়ার বদলে দিনকে দিন বিভক্তি বাড়তেই থাকবে।
রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে এক যুগের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলে না ভারত ও পাকিস্তান। এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই এখন দেখা যায় কেবল আইসিসি ও এসিসির টুর্নামেন্টগুলোতে। যা ক্রিকেটের জন্য অনেক বড় ক্ষতি বলে মনে করছেন সাকলায়েন।
এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সাকলায়েন বলেন, ক্রিকেটের যে উদ্দেশ্য সেটা নষ্ট করছে এর ভেতরে ঢুকে যাওয়া রাজনীতি।
“আমি বিশ্বাস করি, রাজনীতি নির্মূল করা উচিত, কারণ এটা মানবতার জন্য ক্ষতিকর। রাজনীতি আমাদের শত্রু। এটা কেবল ক্রিকেটেরই ক্ষতি করে না, বরং সমগ্র মানবতার ক্ষতি করে।”
“রাজনীতি খেলাধুলা ও খেলোয়াড়দের জন্য ক্ষতিই বয়ে আনে। ক্রিকেটের উদ্দেশ্য দেশগুলোর মধ্যে ঐক্য তৈরি করা, বিচ্ছিন্ন করা নয়।”
নিরাপত্তা শঙ্কায় এবারের বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। পরে তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বৈশ্বিক আসরের টিকেট দেয় আইসিসি। বাংলাদেশের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে, কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন সাকলায়েন।
“ক্রিকেট বিনোদনের বিষয়, যুদ্ধক্ষেত্র বা যুদ্ধ নয়। আমি বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি ইতিমধ্যেই আমার অবস্থান স্পষ্ট করে দিয়েছি, আমি খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোয় বিশ্বাসী নই।”