২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউইদের গুঁড়িয়ে মাস সেরার লড়াইয়ে নাহিদ

এপ্রিলের সেরার লড়াইয়ে বাংলাদেশের গতিময় পেসারের প্রতিদ্বন্দ্বী ওমানের জাতিন্দার সিং ও সংযুক্ত আরব আমিরাতের আজায় কুমার।

কিউইদের গুঁড়িয়ে মাস সেরার লড়াইয়ে নাহিদ
নাহিদ রানা। ছবি: বিসিবি ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 02:22 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে আগুন ঝরা বোলিংয়ে সিরিজ সেরার পুরস্কার জেতা নাহিদ রানার সামনে আরেকটি স্বীকৃতির হাতছানি। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের গতিময় পেসার। এপ্রিলের সেরার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ওমানের জাতিন্দার সিং ও সংযুক্ত আরব আমিরাতের আজায় কুমার। 

গত মাসের সেরার লড়াইয়ে জায়গা পাওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম শুক্রবার প্রকাশ করে আইসিসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, শ্রীলঙ্কার ইমেশা দুলানি ও ব্রাজিলের লরা কার্দোসা।

নাহিদ রানা

এপ্রিলে নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের পথে বড় ভূমিকা রাখেন নাহিদ। তিন ম্যাচে ১৬.৭৫ গড় ও ওভারপ্রতি ৪.৪৬ রান দিয়ে সর্বোচ্চ আট উইকেট নেন তিনি।

সিরিজের শুরুটা অবশ্য ভালো হয়নি তার। প্রথম ওয়ানডেতে খরুচে বোলিং করেন তিনি। ১০ ওভারে ৬৫ রান দিয়ে নিতে পারেন কেবল একটি উইকেট।

দারুণভাবে ঘুরে দাঁড়ান নাহিদা দ্বিতীয় ম্যাচে। গতির ঝড় তুলে কিউইদের নাভিশ্বাস তুলে ছাড়েন তিনি। তীব্র গরমেও সেদিন ১০ ওভারের মধ্যে একটি ছাড়া বাকি সব ডেলিভারিতে ১৪০ কিলোমিটারের গোলা ছোঁড়েন তিনি। অসাধারণ বোলিংয়ে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ শিকার ধরেন, ৩২ রান খরচায়।

সিরিজ নির্ধারণী ওয়ানডেতেও বল হাতে আলো ছড়ান নাহিদ। ১০ ওভারে স্রেফ ৩৭ রান দিয়ে দুই শিকার ধরেন তিনি। এই পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়েও বড় লাফ দেন ডানহাতি বোলার। এবার মাস সেরার পুরস্কার হাতছানি দিচ্ছে তাকে।

জাতিন্দার সিং

আইসিসি বিশ্বকাপ লিগ টু তে দারুণ পারফরম্যান্স উপহার দেন জাতিন্দার। গত মাসের পাঁচ ওয়ানডেতে ৫৩.২০ গড় ও ১১৫ স্ট্রাইক রেটে ২৬৬ রান করেন ওমানের অধিনায়ক।

স্কটল্যান্ডের বিপক্ষে ৫১ রান করা ওপেনার নেপালের বিপক্ষে খেলেন ১৩০ রানের চমৎকার ইনিংস। ওমানের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডেতে যা সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।

আজায় কুমার

গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আজায়, নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। পরে একই দলের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৩ উইকেট নেন আরব আমিরাতের বাঁহাতি পেসার। পরের ম্যাচেই ৩৫ রান খরচায় ধরেন ছয় শিকার।

এই পারফরম্যান্সেই মাস সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন আজায়।

লরা উলভার্ট

গত অক্টোবর ও ডিসেম্বরে মাস সেরার পুরস্কার জিতে নেওয়া উলভার্টের আবারও জায়গা করে নিয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। এপ্রিলে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি।

মাসের প্রথম দুই ওয়ানডেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৬৯ করে রান করান উলভার্ট। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক পরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টী সিরিজের রানের স্রোত বইয়ে দেন। পাঁচ ম্যাচে তিনটি ফিফটি ও একটি সেঞ্চুরি করেন এই ওপেনার।

ডারবানে ৫১ রানের ইনিংস দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেন তিনি। পরের ম্যাচে করেন ৫৪ রান। তৃতীয়টিতে ১১৫ রান আসে তার ব্যাট থেকে। আর পঞ্চম ও শেষ ম্যাচে অপরাজিত ৯২ রান করেন উলভার্ট।

তার দুর্দান্ত পারফরম্যান্সের সিরিজ ৪-১ ব্যবধানে জেতে দক্ষিণ আফ্রিকা।

ইমেশা দুলানি

বাংলাদেশকে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপ সিরিজে ২-১ ব্যবধানে হারানোর পথে বড় অবদান রাখেন ইমেশা। ১১৬ রান করে ওয়ানডেতে সিরিজ সেরার পুরস্কার জেতেন লঙ্কান ব্যাটার।

টি-টোয়েন্টিতেও ভালো করেন তিনি। প্রথম ম্যাচে খেলেন ৫৫ রানের ইনিংস। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে লঙ্কানরা। 

লরা কার্দোসা

অলরাউন্ড পারফরম্যান্সে মাস সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন কার্দোসা। এপ্রিলে সাত টি-টোয়েন্টিতে ১৩০ এর উপর স্ট্রাইক রেটে ২০৩ রান করেন তিনি। পেস বোলিংয়ে ১৭ উইকেট নেন তিনি ওভারপ্রতি স্রেফ ২.২৪ রান দিয়ে।

উইমেন’স টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে তিন ওভারে স্রেফ ৪ রান খরচায় ৯ উইকেট নেন কার্দোসা। ছেলে কিংবা মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে এই স্বাদ পান ২১ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার।