Published : 30 Nov 2024, 06:36 PM
এই ম্যাচে বৈভাব সুরিয়াভানশির ওপর নজর ছিল অনেকেরই। আইপিএলের নিলামে কোটি রুপিতে দল পাওয়ার পর এখন ক্রিকেট বিশ্বের পরিচিত নাম তিনি। ভারতের এই বিস্ময়বালক মাঠে নেমে আরেকটি কীর্তি গড়লেও, ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি। যুব ওয়ানডে অভিষেকে তিনি আউট হয়ে গেছেন ১ রান করেই।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শনিবার দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয় বৈভাবের। ১৩ বছর ২৪৮ দিন বয়সে মাঠে নেমে যুব ওয়ানডেতে ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখন তিনিই। আগের রেকর্ড ছিল পিযুষ চাওলার। ২০০৩ সালে অভিষেকের সময় তার বয়স ছিল ১৪ বছর ৩১১ দিন।
আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিন গত সোমবার দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াইয়ে জিতে ১ কোটি ১০ লাখ রুপিতে বৈভাবকে দলে নেয় রাজস্থান রয়্যালস। আইপিএল নিলামের ইতিহাসে দল পাওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনি। স্বাভাবিকভাবে তাকে নিয়ে অনেক আলোচনা চলছে সামাজিক মাধ্যমে।
ক্যারিবিয়ান গ্রেট ব্রায়ান লারাকে আদর্শ মানা বৈভাব যদিও পাকিস্তান ম্যাচের আগে সনি স্পোর্টসে আলাপে বলেন, বাইরের বিষয় নিয়ে না ভেবে স্রেফ মাঠের ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন তিনি।
“আমি এখন আমার খেলায় মনোযোগ দিচ্ছি। আমার চারপাশে যা ঘটছে, বিশেষ করে সামাজিক মাধ্যমে, তা নিয়ে আমি ভাবছি না। এশিয়া কাপ খেলছি এবং সেদিকেই মনোযোগ দিতে চাই।”

তবে ২৮২ রানের লক্ষ্য তাড়ায় ইনিংস শুরু করতে নেমে খুব একটা মনোযোগ বৈভাব রাখতে পারেননি। অল্প যতটুকু সময় ক্রিজে ছিলেন, বেশ অস্বস্তিতে দেখা যায় তাকে, সংগ্রাম করেন ছন্দ পেতে। পঞ্চম ওভারে পাকিস্তানের ১৬ বছর বয়সী পেসার আলি রাজার অফ স্টাম্পের বাইরের বলে আলগা শটে কিপারকে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান, ৯ বল খেলে করেন ১ রান।
পাঁচ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করা বৈভাব গত বছর থেকেই ভারতীয় ক্রিকেটে আলোচনায় আছেন। বয়সের দিক থেকে নানা কীর্তিতে অবাক করে দেওয়ার মতো কিছু নজির তিনি মেলে ধরেছেন।
যদিও তার বয়স নিয়ে বিতর্ক আছে। গত বছর একটি সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন, তার সত্যিকারের জন্মদিন ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর। সেই অনুযায়ী তার বয়স এখন ১৫ বছর।
গত জানুয়ারিতে তার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বিহারের হয়ে রাঞ্জি ট্রফির ম্যাচ দিয়ে। তার আনুষ্ঠানিক বয়স তখন ছিল ১২ বছর ২৮৪ দিন। গত ৩৮ বছরের মধ্যে তার চেয়ে কম বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে পা পড়েনি কোনো ভারতীয়র।
গত সেপ্টেম্বরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব টেস্টে সেঞ্চুরি করেন তিনি ৫৮ বলে। যুব টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। ২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৬ বলে সেঞ্চুরি করে রেকর্ডটা ইংল্যান্ডের মইন আলির।
১৩ বছর ১৮৭ দিন বয়সে সেঞ্চুরি করে স্বীকৃত যুব ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ডও সেদিন গড়েন বৈভাব। ২০১৩ সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে যুব ওয়ানডেতে ১৪ বছর ২৪১ দিন বয়সে সেঞ্চুরি করে আগের রেকর্ড ছিল বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর।
যুব এশিয়া কাপে বৈভাবের ব্যর্থতার দিনে ভালো কিছু করতে পারেনি ভারতও। তাদের ২৩৮ রানে গুটিয়ে ৪৩ রানের জয়ে অভিযান শুরু করেছে পাকিস্তান।