Published : 17 Dec 2025, 09:34 AM
ম্যাচের সকালে নেটে ব্যাটিং করলেন স্টিভেন স্মিথ। গা গরমের সময়ও দলের সঙ্গে থাকলেন বেশ কিছুক্ষণ। এক পর্যায়ে তাকে দেখা গেল কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে কথা বলতে। এরপর তিনি হাঁটা দিলেন ড্রেসিং রুমের দিকে। আরও একটু পরে জানা গেল, অস্ট্রেলিয়ার আগের দুই টেস্টের অধিনায়ক অসুস্থতার কারণে খেলতে পারবেন না অ্যাডিলেইড টেস্টে।
স্মিথের হঠাৎ ছিটকে পড়া সুযোগ বয়ে আনল উসমান খাওয়াজার জন্য। ম্যাচের আগের দিন ঘোষিত একাদশে জায়গা পাননি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তার ক্যারিয়ার শেষ কি না বা শেষ টেস্ট ম্যাচটি খেলে ফেলেছেন কি না, এটিই ছিল আলোচনায়। কিন্তু সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটিই দেখিয়ে দিলেন তিনি। আচমকা পাওয়া সুযোগে দারুণ ব্যাটিংয়ে করে ফেললেন তিনি ফিফটি।
প্রথম দিনের ৪০ ওভার শেষে দ্বিতীয় সেশনে ব্যাট করছিলেন তিনি ৬৯ রানে। ইনিংসটাকে তিন অঙ্কে নিতে পারলে রূপকথার মতোই একটি সেঞ্চুরি হবে তার।
স্মিথের ছিটকে পড়ার প্রেক্ষাপট বেশ কৌতূহল জাগানিয়া। গত রোববার তিনি অ্যাডিলেইডে দলের সঙ্গে অনুশীলন করেন। সেদিন বিকেলে সতীর্থ কয়েকজনের সঙ্গে গলফও খেলেন। তবে অসুস্থতার কারণে পরদিন পারেননি অনুশীলনে যেতে। ম্যাচের আগের দিন আবার নেটে ফেরেন তিনি। তবে তাকে পুরোপুরি সুস্থ মনে হয়নি। নেট ব্যাটিংয়ের এক পর্যায়ে কুঁচকিতে টান লাগায় বেশ লম্বা বিরতিও নেন।
শেষ পর্যন্ত ম্যাচের দিন শেষ সময়ে ছিটকেই গেলেন তিনি। তবে সেটা কুঁচকির জন্য নয়, ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে জানায়, সমস্যাটি ভারসাম্যহীনতা সংক্রান্ত।
“গত কয়েক দিন ধরেই সে অসুস্থ বোধ করছিল, মাথা ঘোরা ও বমি বমি ভাব ছিল। তাকে পরীক্ষা করা হয় এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং ম্যাচটি খেলার কাছাকাছিই ছিলেন তিনি। তবে উপসর্গগুলো টানা দেখা যেতে থাকায় সিদ্ধান্ত নেওয়া হয় না এগোনোর।”
“তাকে ‘ভেস্টিবুলার ইস্যুতে’ চিকিৎসা দেওয়া হচ্ছে। আগেও মাঝে মধ্যে এই সমস্যা সে অনুভব করেছে এবং সেভাবেই ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।”
চোট কাটিয়ে এই ম্যাচ দিয়েই একাদশে ফেরা অধিনায়ক প্যাট কামিন্স টসের সময় নিশ্চিত করেন, স্মিথের জায়গায় খাওয়াজার প্রত্যাবর্তন।
“কয়েক দিন ধরে স্টিভ একটু অসুস্থ বোধ করছে। আজকে সালে সে মাঠে এসেছিল চেষ্টা করে দেখতে, কিন্তু শেষ পর্যন্ত মনে হয়েছে, এখানে সে পেরে উঠবে না। সে বাড়ির পথে রওনা হয়েছে। আমাদের সৌভাগ্য যে, উসমানের মতো একজন আছে, যে এগিয়ে আসতে পারে। উসমান ব্যাট করবে চার নম্বরে।”
টস জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। দুই ওপেনারের বিদায়ের পর ম্যাচের দশম ওভারেই ক্রিজে যেতে হয় খাওয়াজাকে। টেস্ট ক্রিকেটে আগে দুইবার তিনি ব্যাট করেছেন চার নম্বরে। ২০১৬ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে আউট হন শূন্য রানে। এই সিরিজের প্রথম টেস্টে চারে নামতে হয়েছিল ফিল্ডিংয়ের সময় মাঠের বাইরে থাকায়। সেটিতে আউট হন ২ রানে।
এবার চারে নেমে প্রথম ফিফটি পেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে চার নম্বরে তিনি লম্বা সময় খেলেছেন। এই পজিশনে তার ব্যাটিং গড় ৫৩.১৫, সেঞ্চুরি করেছেন ১০টি।