যে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন বুমরাহ
ভারতের তারকা পেসারকে দলে পেয়ে ভীষণ খুশি মুম্বাই ইন্ডিয়ান্স কোচ মাহেলা জায়াওয়ার্দেনে।
চোট কাটিয়ে এরই মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দেওয়া জাসপ্রিত বুমরাহর মাঠে ফেরার দিনক্ষণ জানিয়েছেন মাহেলা জায়াওয়ার্দেনে। পরের ম্যাচেই অভিজ্ঞ এই পেসারকে খেলানোর কথা নিশ্চিত করেছেন দলটির কোচ।
আইপিএলে সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই। আগের দিনের সংবাদ সম্মেলনে জায়াওয়ার্দেনে বলেন, ম্যাচে খেলার জন্য প্রস্তুত ভারতের তারকা পেসার।
“তাকে পাওয়া যাবে। আজ সে অনুশীলন করেছে, তাই আগামীকালের জন্য সে প্রস্তুত। গত রাতে সে দলের সঙ্গে যোগ দিয়েছে। আমি বিশ্বাস করি, এটা (খেলার বিষয়) চূড়ান্ত করার জন্য সে এনসিএ এর সঙ্গে কথা বলেছে। তাকে আমাদের ফিজিওর হাতে তুলে দেওয়া হয়েছে। তাই ব্যাপারটা আজ তার বোলিং দেখার। সব ঠিক এবং আগামীকাল সে খেলবে।”
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার আসছে ম্যাচের পিচ দেখেন বুমরাহ। সেখানে শ্যাডো বোলিংও করেন তিনি। পরে নেটে রোহিত শার্মাকে বোলিং করতে দেখা যায় তাকে।
বুমরাহ ফেরায় ভীষণ খুশি জায়াওয়ার্দেনে। তার মতে, দলের বোলিং বিভাগে এই পেসারের অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে।
“বড় একটা বিরতির পর বুম (বুমরাহ) ফিরেছে। তাই তাকে সেই জায়গাটি আমাদের দেওয়া উচিত এবং তার কাছ থেকে খুব বেশি আশা করা উচিত নয়। কিন্তু জাসপ্রিতকে যেমন জানি, সে এর জন্য প্রস্তুত থাকবে। আর তাকে ক্যাম্পে পেয়ে আমরা খুব খুশি।”
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর চোটের কারণে কোনো ধরনের ক্রিকেটে আর খেলতে পারেননি বুমরাহ। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পাওয়ার আশা করলেও শেষ পর্যন্ত পায়নি ভারত। দলের সেরা বোলারকে ছাড়াই চ্যাম্পিয়ন হয় রোহিত শার্মার দল।
বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সিলেন্সে পুনবার্সনে থাকা বুমরাহকে নিয়ে সুখবর আসেনি বৈশ্বিক সেই আসর শেষেও। আইপিএলের শুরুর ম্যাচগুলিতেও দর্শক হয়ে থাকতে হয় তাকে। অবশেষে এখন তিনি মাঠে নামার অপেক্ষায়।
