২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ ঘন্টা ১১ মিনিটে সেঞ্চুরি, রেকর্ড বইয়ে নিউ জিল্যান্ডের ওপেনার

নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সময়ের হিসাবে মন্থরতম সেঞ্চুরি এখন জিত রাভালের, বিশ্বরেকর্ড হয়নি ৬ মিনিটের জন্য।

৯ ঘন্টা ১১ মিনিটে সেঞ্চুরি, রেকর্ড বইয়ে নিউ জিল্যান্ডের ওপেনার
প্রথম শ্রেণির ক্রিকেটে ২২তম সেঞ্চুরি করলেন জিত রাভাল। ছবি: ফটোস্পোর্ট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2024, 08:05 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

জিত রাভালের টেস্ট ক্যারিয়ার থমকে আছে প্রায় পাঁচ বছর ধরে। নিউ জিল্যান্ডের হয়ে তার সেঞ্চুরি আছে কেবল একটি। সেঞ্চুরি দিয়েই অনেক দিন পর খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৬ বছর বয়সী ওপেনার সেঞ্চুরি পূর্ণ করেছেন ৯ ঘন্টার বেশি সময় নিয়ে। এতে তার নাম উঠে গেছে রেকর্ড বইয়ে।

নিউ জিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্লাঙ্কেট শিল্ডে নর্দান ডিস্ট্রিক্টসের হয়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ৯ ঘন্টা ১১ মিনিটে তিন অঙ্ক স্পর্শ করেন রাভাল। অর্থাৎ ৫৫১ মিনিটে।

নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সময়ের হিসাবে মন্থরতম সেঞ্চুরি এটি। বিশ্বরেকর্ড হয়নি ৬ মিনিটের জন্য। এই তালিকায় রাভাল আছেন এখন তিন নম্বরে। 

রেকর্ডটা পাকিস্তানের মুদাসসার নাজারের। ১৯৭৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১১৪ রানের ইনিংসের পথে ৫৫৭ মিনিটে সেঞ্চুরি ছুঁয়েছিলেন তিনি। 

২৪ বছর পর নাজারের চেয়ে এক মিনিট কম সময় নিয়ে সেঞ্চুরি করেন ভারতের সাদাগোপান রামেশ। ২০০১ সালে রাঞ্জি ট্রফিতে তামিল নাড়ুর হয়ে কেরালার বিপক্ষে ৫৫৬ মিনিটে সেঞ্চুরি ছুঁয়ে ১২৬ রানের ইনিংস খেলেন তিনি। 

নিউ জিল্যান্ডের রেকর্ডটা এতদিন ছিল জেফ ক্রোর। ১৯৮৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে তিনি সেঞ্চুরি করেন ৫১৬ মিনিটে। 

নিউ জিল্যান্ডের মাটিতে মন্থরতম সেঞ্চুরির রেকর্ডও এখন রাভালের। ১৯৭৮ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ৪৮৭ মিনিটে সেঞ্চুরি করে আগের রেকর্ডটি ছিল ক্লাইভ র‍্যাডলির।

প্লাঙ্কেট শিল্ডের রেকর্ডও লেখা হয়েছে নতুন করে। ১৯৯৭ সালে ওটাগোর হয়ে ক্যান্টারবুরির বিপক্ষে ৪৬৪ মিনিটে সেঞ্চুরি করে এই রেকর্ড এতদিন ছিল মাইকেল অস্টেনের।

মাউন্ট মঙ্গানুইয়ে দলের দ্বিতীয় ইনিংসে ২৭৬ বলে ৬৪ রান নিয়ে মঙ্গলবার চতুর্থ দিনের ব্যাটিং শুরু করেন রাভাল। নর্দান ডিস্ট্রিক্টসের অধিনায়ক লাঞ্চ বিরতিতে যান ৯৯ রান নিয়ে। বিরতি থেকে ফিরে প্রথম বলে সিঙ্গেল নিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২২তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি ৩৬৬ বলে। 

প্রথম শ্রেণির ক্রিকেটে বলের হিসাবে মন্থরতম সেঞ্চুরির রেকর্ডের তালিকায় অনেকটা পেছনে আছেন রাভাল। রেকর্ডটা কলিন কাউড্রের। ১৯৫৭ সালে এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ৫৩৫ বলে সেঞ্চুরি ছুঁয়েছিলেন ইংলিশ ব্যাটসম্যান।  

সেঞ্চুরির পর আর বেশিক্ষণ টেকেননি রাভাল। ৫৮৯ মিনিট আর ৩৯৬ বলে ১০ চারে ১০৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ড্র হয় ম্যাচ। 

২০১৬ থেকে ২০২০ পর্যন্ত নিউ জিল্যান্ডের হয়ে ২৪ টেস্টে ৩০.০৭ গড়ে ১ হাজার ১৪৩ রান করেন রাভাল। একমাত্র সেঞ্চুরিটি করেন ২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে।