৫০ লাখ টাকায় দল পেলেও খুশি থাকতেন নাঈম শেখ
এবারের বিপিএলের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হতে পারায় উচ্ছ্বসিত এই ওপেনার, তবে ভিত্তিমূল্যেও বিক্রি হলে আক্ষেপ থাকত না বলেই জানালেন তিনি।
ঢাকায় যখন বিপিএল নিলাম শুরু হওয়ার অপেক্ষা, মোহাম্মদ নাঈম শেখ তখন সিলেটে জাতীয় লিগের ম্যাচ খেলছেন ময়মনসিংহ বিভাগের হয়ে। নিলাম শুরু হওয়ার কথা ছিল বিকেল চারটায়। কিন্তু প্রস্তুতি সেরে নিলাম শুরু হলো আরও ঘণ্টখানেক পরে। সিলেটে ততক্ষণে দিনের খেলা শেষ। সেটিই নাঈমকে সুযোগ করে দিল ক্যারিয়ারের স্মরণীয় এক অধায়ের স্বাক্ষী হওয়ার। কয়েক মিনিটেই কোটিপতি!
বিপিএলের নিলামে তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। প্রথম ডাকেই নাম ওঠে তার এবং তাকে নিয়ে পড়ে যায় কাড়াকাড়ি। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে পায় নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। এবারের নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে যান তিনি।
২৬ বছর বয়সী ওপেনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শোনালেন প্রথমবার নিলামের অভিজ্ঞতা ও সবচেয়ে বেশি পারিশ্রমিকের রোমাঞ্চ।
বিপিএল নিলামের একমাত্র কোটিপতি ক্রিকেটার আপনি, ভাবতে কেমন লাগছে!
মোহাম্মদ নাইম শেখ: সত্যি বলতে, শুরুতে আমি বেশি মনোযোগ দেইনি। শুনেছিলাম অন্তত তিনটি দল আমার প্রতি আগ্রহী। নিলামের আগে আমার সঙ্গে যোগাযোগ হয়েছিল। তাই জানতাম আমি অবিক্রীত থাকব না। যদি ভিত্তিমূল্যেই বিক্রি হতাম, তাতেও কোনো আপত্তি থাকত না।
নিলামটি আমি সেভাবে দেখছিলাম না। তবে মিথ্যা বলব না, একটু নার্ভাস ছিলাম। এটি আমাদের জন্য একেবারেই নতুন অনুভূতি, কারণ নিলাম পদ্ধতিই সম্পূর্ণ নতুন। বছরের পর বছর আমরা কেবল ড্রাফট পদ্ধতির সঙ্গেই পরিচিত ছিলাম। আমার বিপিএল ক্যারিয়ারে এমন ঘটনার স্বাক্ষী প্রথমবার হলাম। এজন্য মূহুর্তটি সারাজীবন স্মরণে থাকবে। খুব মজার ছিল। উপভোগ করেছি।
‘এ’ ক্যাটাগরি থেকে নিলামে ছিল কেবল আপনার আর লিটন দাসের নাম। লটারিতে আপনার পালা এলো সবার আগে। পারিশ্রমিক কত উঠতে পারে বলে আপনার ধারণা ছিল?
নাইম: যেটি বললাম, আশা করেছিলাম যে দুই- তিনটি দল আমাকে নেওয়ার চেষ্টা করবে। তাতে হয়তো ভিত্তি মূল্য থেকে কিছুটা বাড়বে, এরকম ছিল ভাবনা। কিন্তু নিলামে দর উঁচু থেকে এত উঁচুতে পৌঁছানো এবং প্রথম ডাকে সর্বোচ্চ মূল্যে দল পাওয়াটা আমার জন্য দারুণ সৌভাগ্যের ব্যাপার।
আমরা যখন মাঠ থেকে টিম বাসে ফিরছিলাম, তখন আমার নাম ঘোষণা করা হয়। হঠাৎ সবাই চিৎকার ও উল্লাস শুরু করে দেয়। খুবই ভালো লাগছিল, আবেগময় মুহূর্ত ছিল।
আমাদের এই বয়সের ক্রিকেটারদের কেউ তো এক কোটি টাকা পায়নি আমার দেখায় কেউই। কোটি টাকা সাধারণত আমাদের সিনিয়র ভাই সাকিব, মুশফিক ভাই, তামিম ভাইয়রা পেতেন। তাও সরাসরি চুক্তিতে। কিন্তু নিলামে দর কষাকষি করে কোটিপতি হওয়াটা দারুণ রোমাঞ্চকর ছিল। স্বাভাবিকভাবেই সবাই খুব মজা নিচ্ছিল, দুষ্টুমি করছিল! যেন একটা উৎসবের পরিবেশ।
কেউ বলছিল, ‘ভাই, আপনি তো এখন কোটিপতি! আমাদের ডিনারের দায়িত্ব কিন্তু এখন আপনারই’, ‘কেউ আবার বলছিল, এত টাকা পেলেন, এখন কি আমরা নিজের পয়সায় খাব না কি! আপনাকে কিন্তু আমাদের খাওয়াতেই হবে…’, এ রকম নানা খুনসুটি চলছিল।
অনেক বছর পর এই নিলাম প্রক্রিয়াটা ফিরেছে। ভবিষ্যতে এটা যদি চালু রাখা হয়, তাহলে দেশের ঘরোয়া খেলোয়াড়দের জন্য খুব ভালো হবে। অনেক নতুন খেলোয়াড়ের আগ্রহ তৈরি হবে। কারণ এখন দেশের ঘরোয়া ক্রিকেটে যারা ভালো খেলছে, তাদের পারফরম্যান্সের মূল্যটা কিন্তু ক্রিকেট বোর্ড দিতে শুরু করেছে। তাই আমি ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞ যে, তারা আমার পারফরম্যান্সের মূল্য দিয়েছে, গ্রেড উন্নীত করে দিয়েছে। অনেক খেলোয়াড়ের জন্য এটা প্রেরণাদায়ক হবে যে, ভালো খেললে সঠিক মূল্যায়ন পাওয়া যায়।
নিলামের আগে কোন কোন ফ্রাঞ্চাইজি আপনার সঙ্গে যোগাযোগ করেছিল, বলা যাবে?
নাঈম শেখ: আমার সঙ্গে তিনটি দল যোগাযোগ করেছিল। নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট… সবাই বলেছে যে তারা আমাকে দলে নিতে চায়।
ভিত্তিমূল্য থেকে ১৩ ধাপ দর বাড়ানোর পর আপনাকে পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। আপনাকে পাওয়ার লড়াই যখন চলছে, তখন কেমন লাগছিল?
নাঈম: আমার চোখগুলো বারবার এদিক-সেদিক করছিল নিলাম দেখে। এই রংপুর, এই সিলেট, এই রাজশাহী...। একবার নোয়াখালী, একবার সিলেট, একবার চিটাগং, একবার রংপুর। আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল যে শেষ পর্যন্ত কোন দলে গিয়ে পড়ব। বোঝার উপায় ছিল না।
আপনার পরিবার-পরিজনদের প্রতিক্রিয়া কেমন?
নাঈম: আমার আম্মা, আমার স্ত্রী, সবাই অভিনন্দন জানিয়েছে। ওরা খুব উপভোগ করছিল নিলাম। আমার স্ত্রী তো এরকম কিছু আগে কখনও দেখেনি। ব্যাপারটা ওর কাছে অনেক দারুণ লেগেছে। কোটি টাকা শুনে চিৎকার করছিল আনন্দে।
মোটা অঙ্কের পারিশ্রমিক তো আনন্দের সঙ্গে দায়িত্বও বয়ে আনে। আপনার এখনকার উচ্ছ্বাস তো বোঝাই যাচ্ছে, সামনের চাপটুকু ভাবনায় কতটা আছে?
নাঈম : সত্যি বলতে, বিষয়টা মোটেও সেরকম নয়। একজন ক্রিকেটার হিসেবে আমরা কখনোই টাকার অঙ্ক নিয়ে চিন্তা করি না।
হ্যাঁ, বাড়তি চাওয়া তো থাকেই। কিন্তু চূড়ান্ত বিচারে, যদি আমি পঞ্চাশ লাখ টাকাতেও দল পেতাম, তবুও আমার লক্ষ্য একই থাকত। আমার আবেগ, নিবেদন, সবই একই রকম থাকত চট্টগ্রাম রয়্যালসের প্রতি। তখনও সেরাটা দেওয়ার চেষ্টায় কমতি থাকত না। মানসিকতা আমার একই থাকত, এখন যা আছে। টাকা এখানে বড় কোনো প্রভাব ফেলবে না।
নিলামের পর আপনাদের দল কেমন হলো?
নাঈম: দেখুন, দল গঠন করে থাকে কোচ এবং ম্যানেজমেন্টের অংশটি। আমার কাজ কিন্তু এগুলি নয়, এমনকি পর্যবেক্ষণ করাও আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আমি শুধু দলকে আমার শতভাগ দিতে পারব।
আসলে যখন দল মাঠে নামে বা অনুশীলন করে, তখন দলের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, একটা বোঝাপড়া গড়ে ওঠে। ঠিক তখনই বোঝা যায় দল কেমন। আপনি বাইরে থেকে এমনি দেখে বলতে পারবেন না যে 'আমরা খুব ভালো দল' বা 'আমরা খারাপ দল' কিংবা 'আমরা মাঝারি মানের'। এভাবে বলা সম্ভব নয়।
