Published : 21 Apr 2026, 10:52 AM
দুই খেলার মহাতারকা দুজন। দুজনই গড়েছেন অসংখ্য রেকর্ড। নিজেদের আঙিনায় তাদের অসংখ্য ভক্ত-অনুসারী। তবে তারা দুজনও পরস্পরের ভক্ত। নোভাক জোকোভিচ ও ভিরাট কোহলির বন্ধুত্বের কথাও এখন বিশ্ব ক্রীড়াঙ্গনের অনেকের জানা। টেনিসের কিংবদন্তি জোকোভিচ এবার বললেন, কোহলির কারণেই ক্রিকেট অনুসরণ করতে শুরু করেছেন তিনি।
কোহলি ও জোকোভিচের বন্ধুত্বের কথা প্রকাশ্য বছর আড়াই আগে। জোকোভিচ তখন বলেছিলেন, কোহলির সঙ্গে তার কখনও দেখা না হলেও বার্তা আদান-প্রদান চলে নিয়মিতই। পরে নানা সময়েই পরস্পরের প্রতি মুগ্ধতা ও ভালোলাগার কথা বলেছেন দুজনই।
এবার লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ফাঁকে টাইমস নাউ-কে জোকোভিচ বললেন, ভারতে গিয়ে কোহলির সঙ্গে সময় কাটানোর অপেক্ষায় আছেন তিনি।
“ভিরাট আমার বন্ধু ও এমন একজন, যাকে আমি দারুণ সম্মান ও প্রশংসা করি। সত্যি বলতে, তার কারণেই আমি ক্রিকেট অনুসরণ করতে শুরু করি। আগে আমি খোঁজখবর রাখতাম না। তার মাধ্যমেই ক্রিকেটের প্রতি বেশি আগ্রহী হই।”
“নিশ্চয়ই জানেন, আমাদের যোগাযোগ আছে। আশা করি, যখন আমি ভারতে যাব… যদিও আমি বলতে চাই না… যখন আমি যাব, আশা করি সে থাকবে এবং তখন আমরা একসঙ্গে কিছুটা টেনিস ও কিছুটা ক্রিকেট খেলতে পারব, মজা করতে পারব, আর মানুষের মধ্যে ইতিবাচক ও ভালো অনুভূতি ছড়িয়ে দিয়ে খেলাধুলাকে উদযাপন করতে পারব।”
জোকোভিচের সঙ্গে যোগাযোগের শুরুর গল্পটা কোহলি শুনিয়েছিলেন ২০২৪ সালের জানুয়ারিতে।
“জোকোভিচের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখতে দেখতে এক দিন মনে হয়েছিল, একবার ম্যাসেজ পাঠিয়ে দেখা যাক। স্রেফ একটু ‘হ্যালো’ বলা বা এরকম কিছু। গিয়ে দেখি, সে আমাকে আগেই ম্যাসেজ পাঠিয়ে রেখেছিল। যেটা আমি কখনও খুলে দেখিনি। তখন আমার একটু সন্দেহ হলো, অ্যাকাউন্টটা ভুয়া নয় তো…!”
“পরীক্ষা করে নিশ্চিত হলাম, ওটা জোকোভিচেরই অ্যাকাউন্ট। তার পর থেকে আমাদের মধ্যে যোগাযোগ শুরু হয়। মাঝেমধ্যে বার্তা আদান-প্রদান হয়। তার অসাধারণ সব অর্জনে আমি অভিনন্দন জানাই। ওয়ানডতে ৫০তম শতরান করার পরে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছিল সে।”
কোহলি পরে উইম্বলডনে জোকোভিচের খেলা দেখতেও গিয়েছিলেন।