২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ ভারতীয় যুব ক্রিকেটার

গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে খেলা ভারত অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার রোহিত ইয়াদাভের বয়সে ২৭ মাসের অসঙ্গতি পাওয়া গেছে।

বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ ভারতীয় যুব ক্রিকেটার
ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 04:30 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

বড় শাস্তি পেয়েছেন ভারত অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার রোহিত ইয়াদাভ। বয়স জালিয়াতির দায়ে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি) তাদের খেলোয়াড়দের প্রাক-মৌসুম নথিপত্র যাচাইয়ের উদ্যোগ নেয়। সেখানে বয়সের অসংগতি ধরা পড়ে। এরপরই অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চলতি মাসের শেষ দিকের সিরিজ থেকে রোহিতকে বাদ দেওয়া হয়। সিরিজে পাঁচটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে দুই দল।

গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফর করা ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন রোহিত। বয়সভিত্তিক ক্রিকেটে বেঙ্গলের হয়ে খেলা এই ক্রিকেটারের বয়সে ২৭ মাসের অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছে সিএবি।

বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত সব রাজ্য ক্রিকেট সংস্থাকে রোহিতের নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে। নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

বয়সের এমন অসঙ্গতির কারণে আরও ৬৪ জনকে নিষিদ্ধ করেছে সিএবি। তাদের মধ্যে আছেন ভারতের সাবেক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাঁহাতি পেসার রাভি কুমারও। ২০২২ সালে ক্যারবিয়ানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফর্ম করেন তিনি।

ওই বছরই বেঙ্গলের হয়ে সিনিয়র দলে অভিষেক হয় রাভির। তবে সবশেষ খেলেন তিনি ২০২৩ সালে। অভিষেক থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত বয়সভিত্তিক ক্রিকেটে তার সব রেকর্ড অবৈধ বলে গণ্য হবে।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, রাভির বয়সের অসংগতি ৪০ মাসেরও বেশি।

অতীতে বয়স জালিয়াতির ক্রমবর্ধমান ঘটনা ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিসিসিআই।

২০২০ সালে অপরাধীদের শাস্তির বিধানের পাশাপাশি একটি সাধারণ ক্ষমা প্রকল্পের প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। এর অধীনে, নিবন্ধিত খেলোয়াড়েরা স্বেচ্ছায় বয়সসংক্রান্ত কোনো অসঙ্গতি ঘোষণা করলে এবং প্রকৃত জন্মতারিখ জানালে নিষেধাজ্ঞা এড়ানোর সুযোগ পেতেন। তবে পরবর্তীতে কারও বয়সসংক্রান্ত অসঙ্গতি ধরা পড়লে তাকে নিষিদ্ধ করা হতো।

অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বয়স যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের জন্মসনদের পাশাপাশি স্কুল বা কলেজের শিক্ষাজীবনের যত বেশি সম্ভব নথিপত্র জমা দিতে হয়।