২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুরিয়াকুমারকে ছাড়িয়ে এক হাজারে দ্রুততম আভিশেক

ক্যারিয়ারে দারুণ পথচলায় একটি রেকর্ড নিজের করে নিলেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান।

সুরিয়াকুমারকে ছাড়িয়ে এক হাজারে দ্রুততম আভিশেক
টি-টোয়েন্টি ক্যারিয়ারে হাজার রানের ঠিকানায় পা রাখলেন আভিশেক শার্মা। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2025, 06:24 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

বৃষ্টির বাগড়ায় ম্যাচে খেলা হয়নি পুরো পাঁচ ওভারও। তবে এর মধ্যেই ব্যাট হাতে একটি মাইলফলক ছুঁয়েছেন আভিশেক শার্মা। একই সঙ্গে ভারতীয় ওপেনারের নাম উঠে গেছে রেকর্ড বইয়ে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পূর্ণ সদস্য দলগুলোর ক্রিকেটারদের মধ্যে বলের হিসাবে দ্রুততম এক হাজার রানের রেকর্ড এখন আভিশেকের। তিনি ভেঙে দিয়েছেন ভারতেরই সুরিয়াকুমার ইয়াদাভের রেকর্ড।

হাজার ছুঁতে আভিশেকের লেগেছে ৫২৮ বল। ৫৭৩ বল লেগেছিল সুরিয়াকুমারের। ছয়শর কম বল খেলে হাজার ছুঁতে পেরেছেন আর কেবল ইংল্যান্ডের ফিল সল্ট (৫৯৯ বল)।

আভিশেকের ইনিংস লেগেছে ২৮টি, ভারতের হয়ে যা দ্বিতীয় দ্রুততম। ২৭ ইনিংস লেগেছিল দেশটির সাবেক অধিনায়ক ভিরাট কোহলির।

হাজার ছুঁতে শনিবার ব্রিজবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে আভিশেকের প্রয়োজন ছিল ১১ রান। চতুর্থ ওভারে ন্যাথান এলিসের বলে দুই রান নিয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান।

৪.৫ ওভারে ভারত বিনা উইকেটে ৫২ রান করার পর বৃষ্টির কারণে আর খেলা হতে পারেনি। ১৩ বলে ২৩ রানে অপরাজিত রয়ে যান আভিশেক।

এই সংস্করণে ৩৭.৪৮ গড় ও ১৮৯.৫১ স্ট্রাইক রেটে ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের রান এখন এক হাজার ১২। ২টি সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ৬টি।