টানা ৫ সেঞ্চুরিতে ভারতীয় ব্যাটসম্যানের বিশ্ব রেকর্ড
লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা পাঁচ সেঞ্চুরি করে নারায়ান জাগাদিসানের পাশে বসলেন ধ্রুব শোরে।
আগের ইনিংস যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন আবার শুরু করলেন ধ্রুব শোরে। খুনে ব্যাটিংয়ে বিধ্বংসী ইনিংস খেললেন তিনি। দুর্দান্ত ধারাবাহিকতায় লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করলেন ৩৩ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান।
ভারতের ঘরোয়া একদিনের ম্যাচের প্রতিযোগিতা ভিজায় হাজারে ট্রফিতে শুক্রবার বিদার্ভার হয়ে হায়দরাবাদের বিপক্ষে ৭৭ বলে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলেন শোরে। ৯ চার ও ৬ ছক্কায় গড়া তার ইনিংসটি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে তার টানা পঞ্চম সেঞ্চুরি এটি। আরেক ভারতীয় ব্যাটসম্যান নারায়ান জাগাদিসানের রেকর্ড স্পর্শ করলেন তিনি। ২০২২-২৩ মৌসুমে ভিজায় হাজারে ট্রফিতেই টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ডটি গড়েছিলেন জাগাদিসান। এর মধ্যে এক ম্যাচে খেলেছিলেন ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস, লিস্ট ‘এ’ ক্রিকেটে যা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড।
টানা চারটি করে সেঞ্চুরি আছে চার জনের- কারুন নায়ার, কুমার সাঙ্গাকারা, আলভারো পিটারসেন ও দেবদূত পাডিক্কাল। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এই স্বাদ পেয়েছেন শ্রীলঙ্কান গ্রেট সাঙ্গাকারা।
শোরের রেকর্ড যাত্রা শুরু হয়েছিল ২০২৪-২৫ মৌসুমে ভিজায় হাজারে ট্রফির নকআউট পর্ব দিয়ে। সেবার কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনালে সেঞ্চুরি করেছিলেন তিনি। বিদার্ভাকে ফাইনালে তুলতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আট ইনিংসে ৭০.৫৭ গড় ও ৯২.৬৮ স্ট্রাইক রেটে ৪৯৪ রান করে তিনি ছিলেন দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
সেই ফর্ম তিনি বয়ে আনেন চলতি আসরেও। গত বুধবার আসরের উদ্বোধনী দিন বাংলার বিপক্ষে খেলেন ১৮ চারে ১২৫ বলে ১৩৬ রানের ইনিংস। যদিও ৩৮২ রানের পুঁজি গড়েও ম্যাচটি হেরে যায় বিদার্ভা।
এবার হায়দরাবাদের বিপক্ষে রাজকোটে শোরের অপরাজিত সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৬৫ রানের পুঁজি গড়ে বিদার্ভা।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ৭৪ ম্যাচে শোরের সেঞ্চুরি হলো সব মিলিয়ে ৮টি। রান তিন হাজারের কাছাকাছি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেঞ্চুরি আছে ১৫টি। কখনও ভারত জাতীয় দলের হয়ে খেলার সুযোগ তিনি পাননি।
