সৌম্যকে না খেলানোর কারণ জানালেন অধিনায়ক
সবশেষ সিরিজে সর্বোচ্চ রান করা অভিজ্ঞ ব্যাটসম্যানকে এই সিরিজের একটি ম্যাচেও সুযোগ দেয়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
ম্যাচ ও সিরিজ জিতলে আড়ালে চাপা পড়ে যায় অনেক কিছুই। একাদশ নির্বাচন নিয়ে প্রশ্নও তখন খুব একটা প্রাসঙ্গিক থাকে না। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজে সৌম্য সরকারের সুযোগ না পাওয়া এতটাই বিস্ময়কর যে, মেহেদী হাসান মিরাজের সংবাদ সম্মেলনের অনেকটা জুড়েই থাকল এই প্রসঙ্গ। বাংলাদেশ অধিনায়ক ব্যাখ্যা করলেন তাদের সিদ্ধান্তের পেছনের কারণ।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব ম্যাচই একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। এই দেশের জন্য এটি বিরল হলেও নতুন নয়। তবে সৌম্যর ক্ষেত্রে যা হলো, সেটিকে ব্যতিক্রমীই বলতে হবে।
এই সিরিজের আগে বাংলাদেশের সবশেষ সিরিজে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন সৌম্য। সিরিজ নির্ধারণী ম্যাচটিতে ৮৬ ব ৯১ রান করে ম্যান অব দা ম্যাচও ছিলেন তিনিই। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজে তার জায়গা হয়নি একাদশে।
এই সিরিজে তানজিদ হাসান ও সাইফ হাসানের উদ্বোধনী বেছে নেয় দল। প্রথম দুই ম্যাচে সাইফের ব্যর্থতার পর ধারণা করা হয়েছিল, শেষ ম্যাচে সৌম্যকে খেলানো হতে পারে। কিন্তু টিম ম্যানেজমেন্ট কোনো পরিবর্তন আনেনি একাদশে।
সাইফ এ দিন শতরানের উদ্বোধনী জুটি গড়েছেন তানজিদের সঙ্গে। তবে সেখানে মূল অবদান ছিল তানজিদের। সাইফ অস্বস্তি ভরা ইনিংসে আউট হন ৫৫ বলে ৩৬ রান করে।
সাইফ যদি এই ম্যাচে সফলও হতেন, তার পরও সৌম্যকে নিয়ে প্রশ্নটি উঠতই। সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে মিরাজ শোনালেন দল নির্বাচন নিয়ে তাদের নীতির কথা, যেখানে কাউকে দলে নিলে তাকে পর্যাপ্ত সময়ও তারা দেবেন।
“আমরা চাচ্ছি যে, একজন ক্রিকেটার যেন সুযোগ বেশি পায়। কোনো সন্দেহ নেই, সৌম্য সরকার সবশেষ সিরিজটা অনেক ভালো খেলেছে। কিন্তু কিছুদিন ধরে হয়তো একটু ছন্দে ছিল না। (তানজিদ) তামিম এবং সাইফ হাসান ওরা ভালো টাচে ছিল। আমরা ওভাবে পরিকল্পনা করেছি। হঠাৎ করে এই ম্যাচে যদি আমরা পরিবর্তন করতাম… টপ অর্ডারে যে দুই ব্যাটসম্যান খেলেছে, দুটি ম্যাচ খেলে ফেলায় ওদের আইডিয়া ভালো হয়েছে ওদের সঙ্গে । কাজেই নতুনভাবে আরেকজনকে সুযোগ দেওয়া দুজনের জন্যই অনেক কঠিন এবং সৌম্যর জন্যও অনেক কঠিন।”
‘ছন্দে ছিল না’ বলতে মিরাজ সম্ভবত বুঝিয়েছেন সৌম্যর ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স। গত মাসে বাংলাদেশ ক্রিকেট লিগের তিন ম্যাচে তার রান ছিল ০, ৯ ও ৯। এখন অধিনায়কের কথায় পরিষ্কার, জাতীয় দলের জার্সিতে সবশেষ সিরিজে ভালো করলেও ঘরোয়া ফর্ম কাল হয়েছে তার জন্য।
শেষ ম্যাচে সাইফকে বাইরে রেখে সৌম্যকে দলে আনলে তা দুজনের প্রতিই অবিচার হতো বলে মনে করেন মিরাজ।
“আমাদের জন্য অনেক সহজ সিদ্ধান্ত ছিল যে… সাইফ দুই ম্যাচে রান করতে পারেনি। কিন্তু ওকে আজকে বসিয়ে যদি সৌম্য সরকারকে খেলাতাম, তাহলে তো কি দুটি জিনিসই হতো, ওরও (সাইফ) আত্মবিশ্বাস নিচু থাকত। সৌম্য যদি এই ইনিংসটি খারাপ খেলত, তাহলে ওর জন্যও কঠিন হতো। আমরা যে জিনিসটা চেষ্টা করছি, বিশেষ করে ব্যাটসম্যানের ক্ষেত্রে, তারা যেন বেশি সুযোগ পায় এবং খারাপ খেললে সে নিজে থেকেই বুঝতে পারবে যে, হয়তো আমার জায়গা ছেড়ে আরেকজনকে দিতে হবে।”
সৌম্যর উদাহরণ দিয়েই মিরাজ তুলে ধরলেন দলীয় পরিকল্পনার কথা। বাঁহাতি এই ব্যাটসম্যানকে সামনে সুযোগ দেওয়া হলে তার ক্ষেত্রেও একই নীতি অনুসরল করা হবে বলে নিশ্চিত করলেন তিনি।
“আমাদের পরিকল্পনা হলো, যদি কেউ সুযোগ পায়, তাকে সর্বোচ্চ সুযোগ দেওয়া। সৌম্য কিন্তু সবশেষ সিরিজের আগের দুই সিরিজে দলে ছিল না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টানা তিনটি ম্যাচ খেলিয়েছি। তানজিদ তামিমকে কিন্তু আমরা খেলাইনি, কারণ দুটি সিরিজে ওরকম ছন্দে ছিল না। ছন্দে না থাকলে একজন ব্যাটসম্যানের জন্য কাজটা অনেক কঠিন, যদি । কারণ সিদ্ধান্তহীনতায় ভোগে। মাঠে ব্যাটসম্যানদের সিদ্ধান্ত নিতে হয়, কাজটা কঠিন।”
“একটি-দুটি সুযোগ দিয়ে একজন ব্যাটসম্যানকে বিচার করতে পারবেন না। সর্বোচ্চ সুযোগ দিতে হবে। সৌম্য সরকারের যখন আবার সুযোগ আসবে, সে সর্বোচ্চ সুযোগ পাবে, যেন নিজেকে তুলে ধরতে পারে এবং পারফর্ম করতে পারে। এমন নয় যে একটা ম্যাচ খেলিয়ে আবার বাদ দিয়ে দিচ্ছি। ব্যাটসম্যানদেরকে সময় দিতে হয়। আমরা ওই পরিকল্পনা নিয়েই যাচ্ছি। যেহেতু সামনে বিশ্বকাপ, ওরকম দল আমরা গোছাচ্ছি।”
