বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার এ কী হাল!
গত এক বছরে ওয়ানডে ক্রিকেটে চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।
ব্যাটিং একদমই ছন্নছাড়া। বোলিং প্রায়ই অধারাবাহিক। ফিল্ডিংয়েও ভুল হচ্ছে টুকটাক। দলটা অস্ট্রেলিয়াই তো? জার্সি দেখেই আসলে চিনতে হচ্ছে। গত প্রায় এক বছর ধরেই ওয়ানডে ক্রিকেটে চরম দুঃসময় চলছে এই সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়নদের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজও তারা হেরে গেছে প্রথম দুই ম্যাচেই। শুধু হেরেছে বললেই সবটুকু বলা হয় না, কোনো ম্যাচে লড়াই জমাতেই পারেনি। সাম্প্রতিক সময়ে এটিই হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার নিয়মিত চিত্র।
অথচ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সফলতম দল তারা। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন বলেই শুধু নয়, এই সংস্করণে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে তারা, আরও অসংখ্য রেকর্ড তাদের। ২০২৩ বিশ্বকাপে তাদের শিরোপা জয়েও ছিল সেটির ছাপ। জোড়া হার দিয়ে শুরুর পর টানা ৯ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ফাইনালে আহমেদাবাদের লাখো দর্শককে স্তব্ধ করে দিয়ে তাদের স্মরণীয় জয় অনেকটাই ছিল রূপকথার মতো।
সেই ধারাবাহিকতা ছিল বিশ্বকাপের পরও। দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে তারা। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে গিয়েও জিতে নেয় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ।
টানা ১৪ ওয়ানডে জিতে তখন যেন উড়ছে তারা।
ওই সিরিজ থেকেই শোনা যায় পতনের ডাক। পরের দুই ম্যাচই হেরে বসে বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচটি জিতে অবশ্য পাঁচ ম্যাচের সিরিজ তারা জিতে নিয়েছিল ৩-২ ব্যবধানে।
এখন পর্যন্ত সেটিই তাদের সবশেষ সিরিজ জয়।
গত নভেম্বরে অস্ট্রেলিয়াতে গিয়ে ২২ বছর পর সেখানে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় পাকিস্তান। এই বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় গিয়ে দুই ম্যাচের সিরিজের দুটিতেই অস্ট্রেলিয়ার সঙ্গী হয় পরাজয়।
এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫২ রান তাড়ায় দারুণ জয় দিয়ে শুরু করলেও সেই ধারা ধরে রাখা যায়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে, আফগানিস্তানের সঙ্গে জয়ের আশাও ধুয়ে গেছে বৃষ্টিতে। পরে ভারতের কাছে হেরে বিদায় সেমি-ফাইনালের আগেই।
সাড়ে পাঁচ মাস পর এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে ক্রিকেটে ফিরেও সেই একই দশা। দুই ম্যাচে ৯৮ ও ৮৪ রানের হার। একটিতেও দুইশ করতে না পারা। এই অস্ট্রেলিয়া যেন অচেনা।
সব মিলিয়ে জয়-পরাজয় নির্ধারিত হওয়া সবশেষ আট ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়নদের জয় স্রেফ একটি। এর চেয়েও অবিশ্বাস্য ব্যাপার, এই আট ম্যাচের ছয়টিতেই তারা দুইশ ছুঁতে পারেনি!
২০২৩ বিশ্বকাপের পর থেকে এই সময়টা পর্যন্ত অবশ্য সেরা দল খুবই কম পেয়েছে অস্ট্রেলিয়া। চোট, বিশ্রাম, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, নানা কারণেই সম্ভাব্য সেরাদের অনেককে পাওয়া যায়নি। স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো দুই তারকা অবসর নিয়েছেন।
কিন্তু এসব তো অস্ট্রেলিয়ার জন্য অজুহাত নয় কখনোই! বিকল্পের অভাব তাদের কখনোই খুব একটা থাকে না। সবচেয়ে বড় কথা, লড়িয়ে মনোভাবে ঘাটতি সাধারণত তাদের কখনও থাকে না। দলের শক্তি যেমনই হোক, লড়াইয়ে তারা কমতি রাখে না। কিন্তু এই সময়টায় এখানেই দেখা গেছে চোখে পড়ার মতো ঘাটতি।
অবশ্য বিশ্বকাপ কাছাকাছি না থাকলে সেই সংস্করণে খুব বেশি গুরুত্ব অস্ট্রেলিয়া দেয় না বলে একটি কথা প্রচলিত আছে ক্রিকেটে। সেটির একটি প্রমাণ, গত বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স বিশ্বকাপের পর থেকে খেলেছেন স্রেফ আর দুটি ওয়ানডে। আগামী বিশ্বকাপের আগে হয়তো পরিকল্পনা করে তারা নিজেদের গুছিয়ে নেবেন ঠিকই।
তার পরও ম্যাচের পর ম্যাচে অস্ট্রেলিয়ার অসহায় আত্মসমর্পণ বিরল ব্যাপারই বটে।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারার পর এই সিরিজের অধিনায়ক মিচেল মার্শ সেই হতাশা লুকালেন না।
“হ্যাঁ, হতাশাজনক অবশ্যই। বল হাতে আমরা তাদেরকে আটকে রাখতে পেরেছিলাম (দ্বিতীয় ম্যাচে) এবং এই উইকেটে লক্ষ্যটা নাগালের মধ্যেই ছিল, কিন্তু ব্যাটিংয়ে কাজটা আমরা করতে পারিনি। ওরা ভালো বোলিং করেছে, শুরুতে বল সুইং করেছে। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি ব্যাটিংয়ে। হ্যাঁ, ওরা আমাদেরকে স্রেফ উড়িয়ে দিয়েছে।”
এখন হোয়াইটওয়াশ এড়াতে রোববার মাঠে নামবেন মার্শরা।
