২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান সংঘাত: বদলে গেল আইপিএল ম্যাচের ভেন্যু

দুই প্রতিবেশী দেশের আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে আইপিএলে সামনে আরও প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারত-পাকিস্তান সংঘাত: বদলে গেল আইপিএল ম্যাচের ভেন্যু
মুম্বাই ইন্ডিয়ান্স দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 09:28 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত বেড়েই চলেছে। যার প্রভাব পড়তে শুরু করেছে ক্রীড়াঙ্গনে। দুই প্রতিবেশী দেশের আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে আইপিএলের একটি ম্যাচের ভেন্যু সরিয়ে নিতে বাধ্য হয়েছে আয়োজকরা।

আগামী রোববার ধারামশালায় মুখোমুখি হওয়ার কথা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের। কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ায় এবং উক্ত স্থানে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় ম্যাচটি আহমেদাবাদে সরিয়ে নেওয়া হয়েছে।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। যার দায় পাকিস্তানের ওপর দিচ্ছে ভারত সরকার। ফলে দুই দেশের মধ্যে তৈরি হয় তীব্র উত্তেজনা।

পেহেলগামে ওই সন্ত্রাসী হামলার ‘বদলায়’ মঙ্গলবার গভীররাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায় ভারত। তার পাল্টায় গোলাবর্ষণসহ সামরিক জবাব দেয় পাকিস্তানও। এ সংঘাতে দুই দেশ মিলিয়ে প্রাণহাণির সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, মৃত্যু হয়েছে ৪৬ জনের।

এদিকে, বৃহস্পতিবার সকালে ভারত ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এতে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার শঙ্কা।

যুদ্ধের দামামার মাঝে সীমান্তবর্তী বেশ কয়েকটি বিমানবন্দর-জাম্মু, শ্রীনগর, জোদপুর, আম্রিতসার, ভুজ, জামনাগার, চান্ডিগাড় ও রাজকোট আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা আগেই দেয় ভারত। এতে অনেক ফ্লাইট বাতিল করা হয়।

এতে ধারণা জন্মে, ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের বেশ কিছু ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হতে পারে। মুম্বাই-পাঞ্জাব ম্যাচের ভেন্যু বদলের ব্যাখ্যায় এসব কারণই দেখানো হয়েছে বিসিসিআইয়ের বিবৃতিতে।

ভেন্যু পরিবর্তন হলেও ম্যাচ শুরুর সময় অপরিবর্তিত আছে। আগামী রোববার স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

“লজিস্টিক্যাল চ্যালেঞ্জের কারণে (এই ম্যাচের) ভেন্যু পরিবর্তন অপরিহার্য হয়ে পড়েছিল।”