Published : 27 Jan 2024, 09:06 PM
আভাস মিলেছিল আগের দিনই। অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত আট নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন সাকিব আল হাসান। এবার সেটিও হল না। একে একে রংপুর রাইডার্সের আট উইকেট পড়ার পরও নামেননি সাকিব। কেবল বোলার হিসেবেই যেন দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচটি খেলছেন বিশ্ব সেরা অলরাউন্ডার!
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দেখা গেল এই ঘটনা। চোখের সমস্যায় ভুগতে থাকা তারকা অলরাউন্ডারকে দশ নম্বরেও ব্যাটিংয়ে নামায়নি রংপুর। যেন বিশেষজ্ঞ বোলার হিসেবে এগারো নম্বরে রাখা হয়েছে তাকে।
একই মাঠে শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে আট নম্বরে নেমেছিলেন সাকিব। ম্যাচ শেষে রংপুরের প্রধান কোচ সোহেল ইসলাম জানান, যথাযথ প্রস্তুতি না থাকায় সাকিবকে এতটা পরে নামানো হয়েছে।
সেই প্রস্তুতির ঘাটতি মেটাতে শনিবার রংপুরের ম্যাচের অনেক আগেই দুপুরে একাকী ব্যাটিং অনুশীলন করেন সাকিব। ব্যাটিং পরামর্শক শাহরিয়ার নাফীস, বোলিং কোচ মোহাম্মদ রফিক ও একজন নেট বোলার নিয়ে নেটে প্রায় ঘণ্টা দুয়েক সময় কাটান বাংলাদেশের অধিনায়ক।
ওই ব্যাটিং সেশনে অবশ্য সাবলীল দেখা যায়নি সাকিবকে। বিশেষ করে লেগ সাইড বা পায়ের ওপর থাকা ডেলিভারিতে অস্বস্তিতে ভোগেন তিনি। চোখের সমস্যার কারণে বল দেখতে কষ্ট হওয়ায় ব্যাটিং স্টান্স আর হেড পজিশনও নড়ে যাচ্ছিল বারবার।
তখনই মূলত বোঝা গিয়েছিল, ম্যাচে তার ব্যাটিং করা হবে বেশ কঠিন। শেষ পর্যন্ত সেটিই হলো। রিপন মণ্ডল, হাসান মাহমুদরা ব্যাটিংয়ে নামলেও ইনিংস শেষ হওয়া পর্যন্ত ডাগ আউটেই থেকে যান সাকিব।