কারণ দর্শাও নোটিসের জবাব দেননি নাজমুল, বিসিবি এখন কী করবে
৪৮ ঘণ্টার মধ্যে কারর্ণ দর্শাতে বলা হলেও ৭২ ঘণ্টাতেও জবাব দেননি বিতর্কিত মন্তব্য করা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম।
সময় ছিল ৪৮ ঘণ্টা। পেরিয়ে গেছে ৭২ ঘণ্টা। এখনও কারণ দর্শানোর নোটিসের জবাব দেননি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। বিতর্কিত মন্তব্য করা এই পরিচালককে নিয়ে এখন করণীয় বুঝে উঠতে পারছে না বিসিবি। বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির প্রধান ফাইয়াজুর রহমান জানালেন, গঠনতন্ত্র আরেকটু খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা।
ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর দাবি ছিল নাজমুলের পদত্যাগ। তবে বিসবি বেছে নেয় গঠনতন্ত্র অনুসরণের পথ। প্রক্রিয়া অনুযায়ী নাজমুলকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয় গত বৃহস্পতিবার। পাশাপাশি বিসিবি সভাপতি নিজের ক্ষমতাবলে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেন এই বিসিবি পরিচালককে।
প্রক্রিয়া অনুযায়ী, কারণ দর্শানোর নোটিসের জবাব দেওয়ার পর বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি তা খতিয়ে দেখে পরে বোর্ডে সুপারিশ করবে পরবর্তী পদক্ষেপ নিয়ে। কিন্তু নাজমুল জবাব না দেওয়ায় পরিস্থিতি হয়ে গেছে জটিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফাইয়াজুর রহমান বললেন, তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
“কারণ দর্শাওয়ের নোটিসের জবাব কেউ না দিলে কী করা হবে, এমন কিছু গঠনতন্ত্রে আছে কী না, আমাদের আসলে জানা নেই। আমাদেরও একটু খতিয়ে দেখতে হবে।”
“দেখুন, তাকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। তিনি জবাব দেননি। আমরা চেষ্টা করব আজকে তার সঙ্গে কথা বলতে। আসলে তাড়াহুড়োর তো কিছু নেই, আমরা একটু সময় নিয়ে কথা বলে ঠিক করব কী করা যায় এখন।”
সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে কিছুদিন আগে আলোচনায় উঠে আসেন নাজমুল। পরে তিনি আপত্তিকর মন্তব্য করেন দেশের সব ক্রিকেটারকে নিয়েই। এরপরই তার পদত্যাগের দাবিতে সরব হয় ক্রিকেটারদের সংগঠন। এই দাবিতে সোচ্চার হয়ে সব ধরনের খেলা বন্ধ ঘোষণা করে তারা। বিপিএলে ম্যাচ বন্ধ থাকে এক দিন। পরে নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়া ও কারণ দর্শানোর নোটিস দেওয়ার পর বিসিবির সঙ্গে আরেক দফা বৈঠক করে খেলা বন্ধ করার ঘোষণা থেকে সরে আসে কোয়াব। এবার তারা নাজমুলের প্রকাশ্যে ক্ষমা দাবি করে। কিন্তু এই পরিচালক ক্ষমাও চাননি এখনও।
বৃহস্পতিবার রাতে ওই বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান বলেছিলেন, “উনি (নাজমুল) জবাব না দিলে, এটার ফল তো উনাকে ভোগ করতে হবে।”
