অ্যাশেজের আগে কামিন্সকে নিয়ে শঙ্কায় অস্ট্রেলিয়া
নিউ জিল্যান্ড ও ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলার কথা থাকলেও খেলতে পারছেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক।
মাঠে ফেরার পরিকল্পনা ছিল নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। অ্যাশেজের আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও শেফিল্ড শিল্ডের একটি-দুটি ম্যাচও খেলার ইচ্ছে ছিল প্যাট কামিন্সের। কিন্তু খেলতে পারছেন না তিনি কোনোকিছুই। এখন যে অবস্থা, অ্যাশেজের শুরুটায় তাকে পাওয়া নিয়ে শঙ্কায় আছে অস্ট্রেলিয়া।
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের পর থেকে আর কোনো ধরনের ক্রিকেটে খেলেননি কামিন্স। ক্যারিবিয়ায় টি-টোয়েন্টি সিরিজসহ পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও তাকে দেখা যায়নি। নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার দিনে মঙ্গলবার জানা গেল তার পিঠের সমস্যার কথা।
ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই পিঠে ব্যথা অনুভব করছিলেন কামিন্স। তবে সেটাকে গুরুতর মনে হয়নি তখন। সোমবার রুটিন পরীক্ষা করিয়ে তার হাড়ে স্ট্রেস ধরা পড়ে। একটা স্বস্তির ব্যাপার যে, স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে হাড়ের এই স্ট্রেসের ক্ষেত্রে সতর্ক না হলে তা ক্রমে স্ট্রেস ফ্র্যাকচারে রূপ নিতে পারে। কামিন্সকে নিয়ে শঙ্কা এ কারণেই।
স্ট্রেস ফ্র্যাকচারের সঙ্গে তার পরিচয় পুরনো। ২০১১ সালে স্মরণীয় টেস্ট অভিষেকে পর এই চোটের কারণেই দীর্ঘ ছয় বছর আর টেস্ট খেলতে পারেননি তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া তখন অতি সতর্কতায় আবার গড়ে তোলে তাকে।
২০১৭ সালে টেস্ট ক্রিকেটে ফেরার পর অবিশ্বাস্যরকমের ফিট থেকেছেন কামিন্স। টুকটাক কিছু অ্যাঙ্কেল বা হ্যামস্ট্রিংয়ের সমস্যা ছাড়া স্ট্রেস ফ্র্যাকচার বা বড় কোনো চোটে তিনি পড়েননি। দীর্ঘসময় বোলিংও করেছেন অনেক ম্যাচে বা সিরিজে।
তবে এবার তার এই পিঠের সমস্যায় বড় শঙ্কা উঁকি দিচ্ছে অন্য কারণে। এই বছর তাকে বোলিংয়ের ধকল খুব একটা পোহাতে হয়নি। গত তিন পঞ্জিকাবর্ষেই সব মিলিয়ে ৪০০ ওভারের বেশি বোলিং করেছেন তিনি প্রতি বছরই। এ বছর এখনও পর্যন্ত ৮ মাসে বোলিং করেছেন স্রেফ ১৭৫.১ ওভার। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মিলিয়ে বোলিং করেছেন কেবল ৯৫ ওভার।
গত বছরের জুনে বিশ্বকাপের পর টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে আর খেলানো হয়নি তাকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে স্রেফ দুটি ম্যাচ খেলেছেন গত নভেম্বরে। এত কম বোলিংয়ের পরও পিঠের এই স্ট্রেস থেকে উঁকি দিচ্ছে সেই পুরনো স্ট্রেস ফ্র্যাকচারের শঙ্কা।
এজন্যই কামিন্সকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ডে আগামী মাসের তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ ও পরে ভারতের বিপক্ষে ওয়ানডে-টি-টোয়েন্টি সিরিজে তিনি থাকছেন না নিশ্চিতভাবেই।
অ্যাশেজ শুরু ২১ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে। কামিন্সের পুনর্বাসন যদি ঠিকমতো এগোয়, ৩ নভেম্বর ঘরোয়া ওয়ানডে কাপে নিউ সাউথ ওয়েলসের ম্যাচ দিয়ে ফেরার একটি সম্ভাবনা থাকবে তার। সেটি না হলে ১০ নভেম্বর শেফিল্ড শিল্ডের ম্যাচে তাকে দেখা যেতে পারে। তবে ঝুঁকি থাকলে খেলানো হবে না কোনোটিই। সেক্ষেত্রে কোনো ম্যাচ অনুশীলন ছাড়াই অ্যাশেজে দেখা যেতে পারে তাকে।
অ্যাশেজের শুরুতে যদি তাকে না পাওয়া যায় বা পাঁচ টেস্টের কোনোটিতে তাকে বাইরে রাখা হয় শরীরের কথা ভেবে, তাহলে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। আপাতত শঙ্কা নিয়েই অপেক্ষা করতে হবে কামিন্স ও অস্ট্রেলিয়ান ক্রিকেটকে।
