২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরও পোক্ত ভারুনের

ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়েছেন ভারতীয় স্পিনার।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরও পোক্ত ভারুনের
ভারতীয় স্পিনার ভারুন চক্রবর্তী। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 03:49 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

একের পর এক ম্যাচে বল হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন ভারুন চক্রবর্তী। ধারাবাহিক পারফরম্যান্সে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন তিনি। ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা জ্যাকব ডাফির সঙ্গে ব্যবধান আরও বাড়িয়েছেন ভারতীয় স্পিনার।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। ভারুনের টি-টোয়েন্টিতে রেটিং পয়েন্ট এখন ৮১৮। নিউ জিল্যান্ড পেসার ডাফির (৬৯৯) চেয়ে ১১৯ পয়েন্টে এগিয়ে তিনি। 

এই সংস্করণে ভারুনের আগের সেরা রেটিং পয়েন্ট ছিল ৮০৮। ভারতের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৮০০ রেটিং পয়েন্টে পা রাখার কীর্তি গড়েন ভারুন। সেই রেকর্ডকে আরও সমৃদ্ধ করছেন তিনি।

টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পাওয়া বোলারদের তালিকায় সেরা দশে (অষ্টম) ঢুকেছেন ভারুন। এখানে রেকর্ডটি পাকিস্তানের ওমার গুলের, ৮৬৫ রেটিং পয়েন্ট পেয়েছিলেন তিনি।

প্রোটিয়াদের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে চমৎকার বোলিং করছেন ভারুন। এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচেই দুটি করে উইকেট নিয়েছেন তিনি। ধারামসালায় সবশেষ ম্যাচে স্রেফ ১১ রান দিয়ে দুই শিকার ধরেন ভারুন।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম ১৫ স্থানে আসেনি কোনো পরিবর্তন। চার ধাপ এগিয়ে ১৬ নম্বরে আছেন ভারতীয় পেসার আর্শদিপ সিং।

দক্ষিণ আফ্রিকান পেসার মার্কো ইয়ানসেনের উন্নতি ১৪ ধাপ, অবস্থান ২৫তম। তার সতীর্থ লুঙ্গি এনগিডি ১১ ধাপ এগিয়ে এখন ৪৪তম। বড় লাফ দিয়েছেন প্রোটিয়া পেসার ওটনিল বার্টম্যান। ৫২ ধাপ অগ্রগতি হয়েছে তারা, আছেন ৬৮ নম্বরে। 

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই চূড়ায় ভারতের আভিশেক শার্মা (৯০৯)। দুই ধাপ এগিয়ে তার সতীর্থ তিলাক ভার্মা এখন চতুর্থ স্থানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে করেন ৬২ রান। আর সবশেষ ম্যাচে ২৬ রানে অপরজিত থাকেন তিনি।

দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম এগিয়েছেন ৮ ধাপ, আছেন ২৯তম স্থানে। কিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক ১৪ ধাপ এগিয়ে এখন ৪৩ নম্বরে।

রিজ হেনড্রিকস এক ধাপ নিচে নেমে যাওয়ায়, এক ধাপ এগিয়ে ১৮তম স্থানে বাংলাদেশের তানজিদ হাসান। ট্রিস্টান স্টাবসের অবনতিতে এক ধাপ করে উন্নতি হয়েছে পারভেজ হোসেন (৩৭তম) ও সাইফ হাসানের (৩৮তম)। শিভাম দুবে নিচে নামায় জাকের আলিরও (৬৭তম) এক ধাপ অগ্রগতি হয়েছে।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই শীর্ষে পাকিস্তানের সাইম আইয়ুব।

নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ওয়েলিংটন টেস্টের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে এই সপ্তাহের হালনাগাদে। 

কিউই ব্যাটসম্যান ডেভন কনওয়ে ৭ ধাপ এগিয়ে এখন ৩৪তম স্থানে। আর টেস্ট বোলারদের মধ্যে ১৫ ধাপ এগিয়েছেন তার সতীর্থ ডাফি, অবস্থান ৪৮তম।

ম্যাট হেনরি এক ধাপ নিচে নেমে যাওয়ায় ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠেছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান পেসারের রেটিং পয়েন্ট এখন ৮৫২, জাসপ্রিত বুমরাহর (৮৭৯) চেয়ে ২৭ পয়েন্ট কম।

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি চূড়ায় ইংল্যান্ডের জো রুট। আর অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ভারতের রাভিন্দ্রা জাদেজা।