আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে মিরপুরে, টি-টোয়েন্টি সিলেটে
দুই দলের ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন'স চ্যাম্পিয়নশিপের অংশ।
প্রায় ১০ বছর পর বাংলাদেশে আসছে আয়ারল্যান্ডের মেয়েরা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি খেলতে সিলেটে যাবে তারা।
আনুষ্ঠানিক বিবৃতিতে রোববার আয়ারল্যান্ডের এই সফরের সূচি প্রকাশ করেছে বিসিবি। আইসিসি উইমেন'স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে মিরপুরে। আর টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ সিলেটে।
আগামী ২২ নভেম্বর বাংলাদেশে আসবে আইরিশরা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে ২২ তারিখ। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১০টায়।
এরপর ৫, ৭ ও ৯ ডিসেম্বর হবে তিন টি-টোয়েন্টি। প্রথম দুটি টি-টোয়েন্টি শুরু দুপুর ২টায়। শেষ ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
এই সফর দিয়ে শুরু হবে গ্যাবি লুইসের অধিনায়কত্ব অধ্যায়। লরা ডেলানির নেতৃত্বে সম্প্রতি বেশ ভালো করলেও, ভবিষ্যতে তাকিয়ে দলের সেরা ব্যাটার ২৩ বছর বয়সী লুইসকে দায়িত্ব দিয়েছে আইরিশরা।
২০১৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সবশেষ বাংলাদেশে এসেছিল আয়ারল্যান্ড। সেবার সিলেটেই সব ম্যাচ খেলেছিল তারা। এর আগে ২০১১ সালে বিকেএসপিতে আইরিশদের বিপক্ষেই নিজেদের প্রথম ওয়ানডে তথা প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ।
সব মিলিয়ে এখন পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ছয় ওয়ানডের মধ্যে তিনটি জিতেছে বাংলাদেশ, হেরেছে একটিতে; বাকি দুটি পরিত্যক্ত। আর টি-টোয়েন্টিতে ১১ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় ৮টি, হেরেছে ৩টি।
আইসিসি উইমেন'স চ্যাম্পিয়নশিপে ১৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে ৯ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সবার নিচে আইরিশরা।
