১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মুজিবের হ্যাটট্রিক, ৫ বলে ৪ উইকেট

আফগানিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন এই রহস্য স্পিনার।

মুজিবের হ্যাটট্রিক, ৫ বলে ৪ উইকেট
উইকেট নেওয়ার পর মুজিব উর রহমানের উদযাপন। ছবি: এসিবি ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 01:14 AM

Updated : 26 Aug 2026, 05:36 PM

ইনিংসের অষ্টম ওভারের শেষ দুই বলে নিলেন দুটি উইকেট। দীর্ঘ অপেক্ষার পর মুজিব উর রাহমান আবার বোলিংয়ে এলেন ষোড়শ ওভারে। এবার প্রথম বলেই আরেকটি উইকেট নিয়ে তিনি করলেন হ্যাটট্রিক, এক বল পর উইকেট পেলেন আরেকটি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিজের তৃতীয় ও চতুর্থ ওভার মিলিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মুজিব।

আফগানিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই সংস্করণে পরপর তিন বলে তিন উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই রহস্য স্পিনার।

দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেন রাশিদ খান, ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০২৩ সালে সিলেটে বাংলাদেশের বিপক্ষে এই স্বাদ পান কারিম জানাত। 

দুবাইয়ে বুধবার ১৯০ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লেতে দুই ওভারে ৭ রান দিয়ে কোনো উইকেট পাননি মুজিব।

অষ্টম ওভারে তার পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে যান এভিন লুইস। পরের বলে গুগলিতে পরাস্ত হয়ে বোল্ড হন জনসন চার্লস।

ষোড়শ ওভারে মুজিবের প্রথম বল বেরিয়ে এসে খেলে লং-অনে ধরেন পড়েন ব্র্যান্ডন কিং, হয়ে যায় হ্যাটট্রিক। দ্বিতীয় বলে এক রান নেন ম্যাথু ফোর্ড। পরের বলে বোল্ড কুয়েন্টিন স্যাম্পসন। 

চার ওভারে স্রেফ ২১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মুজিব। ওয়েস্ট ইন্ডিজকে ১৫০ রানে থামিয়ে ৩৯ রানের জয় পায় আফগানিস্তান।

ওয়েস্ট ইন্ডিজকে আবার হারিয়ে আফগানিস্তানের সিরিজ জয়