‘সাকিবের ব্যাটিং ছন্দে নেই’, বললেন নির্বাচক
একটা ভালো ইনিংস খেলতে পারলেই সাকিব আল হাসান ফর্ম ফিরে পাবেন, বিশ্বাস নির্বাচক হান্নান সরকারের।
ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হলো দুপুরে। এর কয়েক ঘণ্টা পর হাজার মাইল দূরে টন্টনে সারের হয়ে কোনো রান না করেই আউট হলেন সাকিব আল হাসান। ১৩ বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। কিন্তু ব্যাট হাতে দুই ইনিংসে তার রান ১২ ও শূন্য।
ইদানিং অবশ্য এটিই সাকিবের প্রায় নিয়মিত চিত্র। ‘অলরাউন্ডার’ সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বোলিংয়েও বেশ কিছুদিন নিজেকে হারিয়ে খুঁজে অবশেষে ফিরে পেয়েছেন আপন ছন্দ। কিন্তু ব্যাটসম্যান সাকিব যেন হারিয়েই গেছেন। জাতীয় নির্বাচক হান্নান সরকারও বললেন, ব্যাটিংয়ে ফর্মে নেই অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে তার বিশ্বাস, ফর্মে ফিরতে স্রেফ একটি ভালো ইনিংসই যথেষ্ট সাকিবের।
এই বছর তিন টেস্ট খেলে পাঁচ ইনিংসে কোনো ফিফটি নেই সাকিবের। ১১টি টি-টোয়েন্টি খেলে একটি কেবল ফিফটি করতে পেরেছেন বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে। সব মিলিয়ে এ বছর ১৬ ইনিংস খেলে তার ব্যাটিং গড় ১৮.৪২। ওয়ানডে তিনি সবশেষ খেলেছেন গত বিশ্বকাপে। ওই আসরে সাত ম্যাচ খেলে একমাত্র ফিফটি করেছিলেন তার শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। চোখের সমস্যায় ব্যাটিং স্টান্স বদলে ফেলা ও দৃষ্টিকটূ হেড পজিশনের কারণেও তাকে ভুগতে হয়েছে।
এই সময়টায় বোলিংয়ের ধারও হারিয়ে ফেলেছিলেন অনেকটা। জাতীয় দলে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার বোলিং ততটা কার্যকর হচ্ছিল না। তবে পাকিস্তান সফরে প্রথম টেস্টের শেষ দিনে দুর্দান্ত বোলিংয়ে তিন উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান তিনি রাখেন। পরের টেস্টে উইকেট বেশি না পেলেও বোলিং ছিল আঁটসাঁট।
সেই ধারাবাহিকতায় সারের হয়ে দুর্দান্ত বোলিং উপহার দিলেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার। কিন্তু ব্যাটিংয়ে উন্নতির ছাপ নেই একটুও।
অভিজ্ঞতা যতই থাকুক, ইংলিশ কন্ডিশনে অনেক দিন পর গিয়ে শুরুতেই ব্যাটিংয়ে ভালো করা বেশ কঠিন। তবে সাকিব তো ব্যাটিংয়ে ভুগছেন অনেক দিন ধরেই। ভারত সফরের দল নিয়ে সংবাদ সম্মেলনে নির্বাচক হান্নান সেটি অকপটেই মেনে নিলেন। তবে আশার কথাও তিনি শোনালেন।
“সাকিবের ব্যাটিংটা আসলে…. ছন্দে নেই। যেটা আমি বললাম, ফর্মটা খুব গুরুত্বপূর্ণ। সাকিব ফর্মে নেই। তবে টেস্ট ক্রিকেটে একটা বিষয় কী, ফর্মে ফেরার সময় থাকে। টি-টোয়েন্টি, ওয়ানডেতে হয়তো সেই সময়টা থাকে না। ব্যাটসম্যানদের রান করার তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্টে সেই সময়টা থাকে। আমি বিশ্বাস করি, সাকিব যে মানের ক্রিকেটার, একটা ইনিংসের ব্যাপার, একটু সময়ের ব্যাপার। সে যদি সেটা করে নিতে পারে, ফর্মটা ফিরে আসবে।”
হান্নানের মতে, নিজ দলে যেমন সাকিব এখনও গুরুত্বপূর্ণ, তেমনি প্রতিপক্ষও তাকে সমীহ করে অলরাউন্ডার হিসেবেই। দ্রুতই তাকে পুরোনো চেহারায় দেখতে আশাবাদী তিনি।
“সবচেয়ে বড় সুবিধা হলো, সাকিব যদি দলে খেলে... আমরা দেখেছি যে, সে ৫ বা ৬ নম্বরে ব্যাটিং করে। আমরা এখন পর্যন্ত সেভাবেই চিন্তা করেছি। এটা কিন্তু প্রতিপক্ষের জন্য চিন্তার ব্যাপার যে, সাকিব উইকেটে রয়েছে। এই ২-৪-৫ ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ বিচার করে না। আমরাও এভাবে বিচার করতে চাই না।”
“সাকিব একজন অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ওই পজিশনের ক্রিকেটার। স্রেফ একটা ইনিংসের ব্যাপার। সময় নিয়ে সেটা করে ফেলতে পারলে, আমার মনে হয় তার ফর্মে ফিরে আসা সময়ের ব্যাপার।”
