১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরাসরি বিশ্বকাপে খেলার আশা শেষ আয়ারল্যান্ডের

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকেট পেতে বাছাইপর্বে খেলতে হবে আইরিশদের।

সরাসরি বিশ্বকাপে খেলার আশা শেষ আয়ারল্যান্ডের
বাছাইপর্বে খেলতে হবে আয়ারল্যান্ডকে। ছবি: আয়ারল্যান্ড ক্রিকেট ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 10:06 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

বৃষ্টিতে ভেসে গেছে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের প্রথম ওয়ানডে। এতে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার আশাও শেষ হয়ে গেছে আইরিশদের। বিশ্বকাপে জায়গা করে নিতে এখন তাদের খেলতে হবে বাছাইপর্বে।

ব্রেডিতে বুধবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসই হতে পারেনি। 

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ১২তম স্থানে আছে আয়ারল্যান্ড। আগামী ৩০ সেপ্টেম্বরের ‘কাটঅফ’ তারিখের মধ্যে র‍্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে টপকে তাদের সরাসরি বিশ্বকাপে খেলতে হলে, আফগানিস্তানকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে হতো এবং ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে দুটি ম্যাচ হারতে হতো।

আয়ারল্যান্ড এখন ১০ দলের বাছাইপর্বে খেলবে। সেখানে বিজয়ী দল বিশ্বকাপের মূল বা গ্রুপ পর্বে জায়গা পাবে। বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলো বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলবে, যা পরিচিত সুপার সিরিজ নামে। এখান থেকে দুটি দল বাদ পড়বে, শীর্ষ দল জায়গা করে নেবে গ্রুপ পর্বে। 

গ্রুপ পর্বে ১২টি দল দুটি ভাগে ভাগ হয়ে লড়বে।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র‌্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপে খেলবে।

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের র‌্যাঙ্কিং যেমনই থাকুক, স্বাগতিক হওয়ায় সরাসরি খেলবে তারা। বিশ্বকাপের আরেক স্বাগতিক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় তাদেরকে আসতে হবে বাছাই প্রক্রিয়া হয়ে।