২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ

তবে গত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সমান অর্থ পুরস্কার পাবে এবারের শিরোপা জয়ী ও রানার্স আপ দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 07:05 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

দলের সংখ্যা যেমন বেড়েছে, সেই সঙ্গে এবারের উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানিও বাড়িয়েছে আইসিসি। ২০২৬ আসরে দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ মার্কিন ডলার।

আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এবারই প্রথম ১২ দল নিয়ে হবে টুর্নামেন্ট। মাঠের লড়াই শুরুর দুই মাস আগে সোমবার প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।

২০২৪ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে এবার প্রাইজমানি ১০ শতাংশ বাড়িয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। গত আসরে ১০ দলকে দেওয়া হয়েছিল মোট ৭৯ লাখ ৫৮ হাজার ৭৭ ডলার।

তবে শিরোপা জয়ী ও রানার্স আপ দলের অর্থ পুরস্কারে কোনো পরিবর্তন আসেনি। গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার। আর রানার্স আপ দলকে দেওয়া হবে ১১ লাখ ৭০ হাজার ডলার।

দুই বছর আগের আসরের মতো এবারও সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে।

গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য আগের মতোও ৩১ হাজার ১৫৪ ডলার করে পাবে দলগুলো। আর টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলকে দেওয়া হবে দুই লাখ ৪৭ হাজার ৫০০ ডলার করে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হলো- রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সবশেষ দুই আসরের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা, উপমহাদেশের দুই দল ভারত ও পাকিস্তান এবং নবাগত নেদারল্যান্ডস।

‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড, প্রথম আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ২০১৬ আসরের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

আগামী ৫ জুলাই পর্দা নামবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের।