২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রুটের অলরাউন্ড নৈপুণ্যে সমতা ফেরাল ইংল্যান্ড

বোলিংয়ে ২ উইকেট নেওয়ার পর, ৯০ বলে ৭৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

রুটের অলরাউন্ড নৈপুণ্যে সমতা ফেরাল ইংল্যান্ড
দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরাল ইংল‍্যান্ড। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2026, 11:18 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

বোলিংয়ে দুই উইকেট নিলেন জো রুট। পরে দায়িত্বশীল ব্যাটিংয়ে পথ দেখালেন দলকে। কম রানের ম্যাচে শ্রীলঙ্কাকে সহজেই হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। 

কলম্বোয় শনিবার দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছে হ্যারি ব্রুকের দল। শ্রীলঙ্কার ২১৯ রান তারা পেরিয়ে গেছে ২২ বল বাকি থাকতে।

পাঁচ চারে ৯০ বলে ৭৫ রানের ইনিংস খেলেছেন রুট। দুই দল মিলিয়ে আর কেউ ৪৫ রানের বেশি করতে পারেননি। অলরাউন্ড নৈপুণ‍্যে রুটই জিতেছেন ম‍্যাচ সেরার পুরস্কার। 

আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার টস জিতে ব‍্যাট করতে নেমে ইংলিশদের স্পিন পরীক্ষার সামনে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। 

এদিন আট বোলার ব‍্যবহার করেন ব্রুক, যাদের ছয় জনই স্পিনার। সব মিলিয়ে শ্রীলঙ্কা ইনিংসে ৪০.৩ ওভার বোলিং করেন সফরকারী স্পিনাররা। 

স্বাগতিকদের প্রথম আট ব‍্যাটসম‍্যানের সাতজনই দুই অঙ্ক স্পর্শ করেন, কিন্তু কেউই পঞ্চাশ ছুঁতে পারেননি। 

শুরুতেই কামিল মিশারাকে ফিরিয়ে দেন জেমি ওভারটন। থিতু হয়ে ফেরেন পাথুম নিসাঙ্কা ও কুসাল মেন্ডিস। 

৬৮ রানে ৩ উইকেট হারানো স্বাগতিকদের টানেন ধনাঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালাঙ্কা। তৃতীয় উইকেটে দুই জনে গড়েন ৬৬ রানের জুটি। 

ম‍্যাচে লঙ্কানদের একমাত্র পঞ্চাশ ছোঁয়া জুটি ভাঙে ডি সিলভার বিদায়ে। অনেকটা সময় এক প্রান্ত আগলে রাখা আসালাঙ্কার প্রতিরোধ ভাঙেন লেগ স্পিনার আদিল রাশিদ। ৬৪ বলে এক চারে সর্বোচ্চ ৪৫ রান করেন স্বাগতিক অধিনায়ক।

শেষ দিকে পাভান রাত্নায়েকে ও দুনিথ ওয়েলালাগের ব‍্যাটে দুইশ ছাড়ায় শ‍্রীলঙ্কা।

সেই রান নিয়ে খুব একটা লড়াই করতে পারেনি স্বাগতিকরা। শুরুতেই রেহান আহমেদ ফিরলেও বেন ডাকেট ও রুটের জুটিতে এগিয়ে যায় ইংল‍্যান্ড।

জেফ্রি ভ‍্যান্ডারসের বলে ওপেনার ডাকেট বোল্ড হলে ভাঙে ৬৮ রানের জুটি। দ্রুত ফেরেন জ‍্যাকব বেথেল। 

চতুর্থ উইকেটে ব্রুকের সঙ্গে রুটের ৮১ রানের জুটিতে ম‍্যাচ প্রায় মুঠোয় নিয়ে নেয় ইংল‍্যান্ড। সহজাত আক্রমণাত্মক ক্রিকেট ভুলে সাবধানী ব‍্যাটিং করেন ব্রুক। নিজের মতো করে খেলে এগিয়ে যান রুট। 

আসিথা ফার্নান্দোর বলে ইংলিশ টপ অর্ডার ব‍্যাটসম‍্যান আউট হলে ভাঙে চমৎকার জুটি। কাজ করে শেষ আসতে পারেননি অধিনায়ক ব্রুকও। ৭৫ বলে দুই চারে তিনি করেন ৪২ রান।

উইল জ‍্যাকসকে নিয়ে বাকি পথটুকু পাড়ি দেন জস বাটলার। ২১ বলে এক ছক্কা ও তিন চারে ৩৩ রানে অপরাজিত থাকেন এই কিপার ব‍্যাটসম‍্যান। 

শ্রীলঙ্কার হয়ে ডি সিলভা ও ভ‍্যান্ডারসে নেন দুটি করে উইকেট। 

আগামী মঙ্গলবার একই মাঠে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৯.৩ ওভারে ২১৯ (নিসাঙ্কা ২৬, মিশারা ৫, মেন্ডিস ২৬, ডি সিলভা ৪০, আসালাঙ্কা ৪৫, লিয়ানাগে ১২, রাত্নায়েকে ২৯, ওয়েলালাগে ২০, মাদুশান ৮, ভ‍্যান্ডারসে ১*, আসিথা ০; ওভারটন ৫-১-২১-২, কারান ৪-০-১৬-০, ডসন ১০-১-৪১-১, জ‍্যাকস ১০-০-৪৭-১, রাশিদ ১০-০-৩৪-২,বেথেল ৩-০-২০-০, রেহান ৫-০-২৬-১, রুট ২.৩-০-১২-২)

ইংল‍্যান্ড: ৪৬.২ ওভারে ২২৩/৫ (রেহান ১৩, ডাকেট ৩৯, রুট ৭৫, বেথেল ৬, ব্রুক ৪২, বাটলার ৩৩*, জ‍্যাকস ৮*; আসিথা ৭-০-৩১-১, মাদুশান ৩.২-০-২০-০, ডি সিলভা ৭-০-৩৭-২, ওয়েলালাগে ১০-০-৫০-০, আসালাঙ্কা ৮-০-২৭-০, ভ‍্যান্ডারসে ১০-০-৪৫-২, রাত্নায়াকে ১-০-১২-০)

ফল: ইংল‍্যান্ড ৫ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম‍্যাচের সিরিজে ১-১ সমতা