Published : 29 Oct 2024, 06:35 PM
আগের ম্যাচে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে না পারা আব্দুল মজিদ এবার মেলে ধরলেন নিজেকে। খুলনার বিপক্ষে চমৎকার ব্যাটিংয়ে সেঞ্চুরি উপহার দিলেন বরিশালের ব্যাটসম্যান। তার সতীর্থ সালমান হোসেন করলেন ফিফটি।
জাতীয় ক্রিকেট লিগের বৃষ্টিবিঘ্নিত খুলনা-বরিশাল ও ঢাকা-রংপুরের ম্যাচ দুটি ড্র হয়েছে। দুই ম্যাচেই বৃষ্টি ও ভেজা মাঠের কারণে প্রথম দিন টস করা সম্ভব হয়নি।
খুলনা টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৪০৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে। পরে বরিশাল প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৮৭ রান করলে মঙ্গলবার চতুর্থ দিন বিকাল সোয়া চারটার দিকে ড্র মেনে নেয় দুই দল।
আগের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে দুই ইনিংসে ২৩ ও ২৮ রান করা মজিদ এবার অপরাজিত থাকেন ১৩৪ রানে। রিটায়ার্ড হার্ট হয়ে থামে তার ১৫ চারে সাজানো ২৫৫ বলের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দ্বাদশ সেঞ্চুরি।
১ ছক্কা ও ৬ চারে ১১৯ বলে ৭৩ রান করেন সালমান। মজিদের সঙ্গে তার জুটিতে রান আসে ৯৬। উদ্বোধনী জুটিতে মজিদ আর ইফতেখার হোসেন মিলে করেন ১১৪ রান।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা ১ম ইনিংস: ৪০৮/৯ ডিক্লে
বরিশাল ১ম ইনিংস: ৯৬ ওভারে ২৮৭/৩ ডিক্লে (ইফতেখার ৪৩, মজিদ ১৩৪ আহত অবসর, তাসামুল ২৩, সালমান ৭৩, জসিম ০*, মইন ৪*; আল আমিন ১৫-২-৪৭-০, মেহেদি ২৪-৩-৬১-১, জিয়াউর ৫-১-১১-০, সৌম্য ৬-০-১৪-০, টিপু ২৮-৩-৮১-০, নাহিদুল ৪-০-১১-০, ইমরুল ৩-০-১৩-১, রোয়েন ১০-০-৩৪-১, মিঠুন ১-০-৫-০)
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: আব্দুল মজিদ
রংপুরের মন্থর ব্যাটিং
ঢাকার বিপক্ষে মন্থর ব্যাটিংয়ে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন রংপুরের অভিজ্ঞ ব্যাটসম্যান নাঈম ইসলাম।
বিকেএসপির তিন নম্বর মাঠে ম্যাচ জমানোর কোনো তাড়নাই দেখা যায়নি রংপুরের ব্যাটিংয়ে। স্রেফ ড্রয়ের লক্ষ্যে খেলে যায় তারা। অতি মন্থর ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ১০১ ওভার খেলে ৭ উইকেটে ১৬৫ রান করে দলটি। পরে বিকাল চারটার দিকে ড্র মেনে নেয় দুই দল।
২ উইকেটে ২৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে রংপুর। তাদের ব্যাটসম্যানরা উইকেট ধরে রাখায় ছিলেন মরিয়া। ৯৭ বল খেলে ৩২ রান করেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।
৮ চারে ৭৫ রান করতে ২৪৬ বল খেলেন নাঈম ইসলাম। আবদুল্লাহ আল মামুনের ১০ রান করতে লাগে ৫২ বল। ৪টি চারে ১২৬ বলে ২১ রান করে অপরাজিত থাকেন তানবির হায়দার। ৫৮ বলে ১৯ রান করে রিশাদ হোসেনও ছিলেন অপরাজিত।
ঢাকার হয়ে দুটি করে উইকেট নেন সালাউদ্দিন শাকিল, এনামুল হক ও শুভাগত হোম।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর ১ম ইনিংস: ২৫৩
ঢাকা ১ম ইনিংস: ৩২৭
রংপুর ২য় ইনিংস: ১০১ ওভারে ১৬৫ (আগের দিন ২৮/২) (রিজওয়ান ৩২, নাঈম ৭৫, মামুন ১০, হাসিম ০, তানবির ২১*, মোসাদ্দেক ১, রিশাদ ১৯*; সালাউদ্দিন ১৪-৩-৩২-২, এনামুল ১৫-৭-১৫-২, নাজমুল ৩০-১৩-৬৬-১, মাহফুজুর ২৫-১৩-৩৩-০, শুভাগত ১৬-৯-১৮-২, আরিফুল ১-১-০-০)
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: আশিকুর রহমান