‘সাকিব ভাই তার জায়গায়, আমি আমার জায়গায়’
কয়েক বছর ধরে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করলেও সাকিব আল হাসানের সঙ্গে নিজের তুলনায় আগ্রহী নন মেহেদী হাসান মিরাজ।
সাত ম্যাচে ৪৬১ রান ও ২৬ উইকেট- চলতি বছর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের একজন ক্রিকেটারের পরিসংখ্যান। দুটিই বাংলাদেশের সর্বোচ্চ। ব্যাপ্তি আরেকটু বাড়িয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র ধরা হলেও রান-উইকেটের তালিকায় সবার ওপরে ওই ক্রিকেটারই।
বছর দুয়েক আগেও বাংলাদেশের এমন অলরাউন্ড পারফরম্যান্স মানেই সবাই ধরে নিতেন এই ক্রিকেটার সাকিব আল হাসান। তবে সময়ের ভেলায় নিজেকে সেই জায়গায় বয়ে এনেছেন এখন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে তিনি এখন দলের মূল চালিকাশক্তি। সাকিবের সঙ্গে তার তুলনাও তাই চলে আসছে প্রসঙ্গক্রমে।
মিরাজ নিজে অবশ্য এই তুলনায় বিব্রত। বরং কিংবদন্তি সাকিবকে প্রাপ্য সম্মান দিয়েই এই অলরাউন্ডার বলছেন নিজের অবস্থান গড়ে নেওয়ার কথা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগের দিন আন্তর্জাতিক ক্রিকেটে ৮ বছর পূর্ণ হয়েছে মিরাজের। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজে দুই ম্যাচে ১৯ উইকেট নেন তিনি। এরপর থেকে শুরুর দিকে মূলত অফ স্পিনার হিসেবে বিবেচনা করা হতো তাকে। যার কাছ থেকে টুকটাক ব্যাটিংও পেতে পারে দল।
তবে ২০২১ সাল থেকে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রাখতে শুরু করেন মিরাজ। পরিসংখ্যানও দিচ্ছে এর প্রমাণ। ২০২০ পর্যন্ত ৪২ ইনিংসে দুটি ফিফটিসহ ৬৩৮ রান করেন তিনি। আর পরের চার বছরে ৪৫ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে তার সংগ্রহ ১ হাজার ১৬১ রান।
চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৮১ রানের পর পাকিস্তানে দুই ম্যাচে খেলেন ৭৮ ও ৭৭ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস। ভারত সফরে ব্যর্থ হলেও প্রোটিয়াদের বিপক্ষে চাপের মুখে তার ব্যাট থেকে এলো ৯৭ রানের ইনিংস।
একইসময় বল হাতেও কার্যকর মিরাজ। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সিরিজে দুই ম্যাচে তিনি নেন ১০ উইকেট। ভারত সফরেও কানপুর টেস্টে তিনি ধরেন ৬ শিকার।
সাকিবের টেস্ট ক্যারিয়ার যখন শেষ বলে ধরে নেওয়া যায়, তখন মিরাজের এমন পারফরম্যান্স দলের জন্য যেমন আশা জাগানিয়া, তেমনি সাকিবের ঘাটতি পূরণের আলোচনাও খুব বাস্তবত।
তবে এই আলোচনার অংশ হতে চান না মিরাজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট শেষে সংবাদ সম্মেলনে ২৬ বছর বয়সী অলরাউন্ডার বললেন, নিজের জায়গায় থেকেই সুযোগ কাজে লাগাতে চান তিনি।
“সবাই সবসময় একটা কথা বলেন যে, সাকিব ভাইয়ের জায়গায় আমি আসব। একটা জিনিস দেখেন, সাকিব ভাই কিন্তু অনেক বড় অর্জন করেছেন বাংলাদেশের হয়ে। প্রায় ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি একজন কিংবদন্তি ক্রিকেটার। আর আমারটা যদি দেখেন, ধারাবাহিক রান করা শুরু করেছি মাত্র এক-দুই বছর। সাকিব ভাই শুরু থেকেই রান করেছেন। তাই সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই, আমি আমার জায়গায়।”
চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৬ ইনিংসে পাঁচ ফিফটিসহ মিরাজের সংগ্রহ ৫৫৪ রান। তার সবগুলো ইনিংসই মূলত ৭-৮ নম্বরে। এমনকি ৯ নম্বরে নেমেছেন কয়েকটি ইনিংসে। পুরো ক্যারিয়ারে মাত্র একবার ৫ নম্বরে খেলেছেন মিরাজ। বাকি সব ইনিংস ৭ বার এর নিচে।
সাম্প্রতিক সময়ের দারুণ ছন্দে থাকায় তাকে ওপরের দিকে ব্যাটিং দেওয়ার দাবিও শোনা যায় জোরেশোরে। মিরাজ অপেক্ষায় আছেন উপযুক্ত সময়ের।
“একজন ক্রিকেটারকে আরেকজনের সঙ্গে তুলনা না করাই শ্রেয় আমার মনে হয়। আমরা সবাই জানি, সাকিব ভাইয়ের অর্জন কত। আর আমি যেখানে ব্যাটিং করি... ৭-৮ নম্বরে। সাকিব ভাই সবসময় টপ-অর্ডারে (ওপরের দিকে) ব্যাটিং করেছেন। তো এটা একটা বাধা। আমার যখন সময় আসবে, অবশ্যই আমি চেষ্টা করব দলের প্রয়োজনে ভালো করতে।”
ভারত সফরে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই সাকিব ঘোষণা দেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন তিনি। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে সৃষ্ট পরিস্থিতির কারণে দেশে আসতে পারেননি বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। তাই তার শেষ টেস্ট এখন পড়ে গেছে অনিশ্চয়তায়।
তবে মিরাজ সবাইকে আহবান করলেন দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের পাশে থাকতে।
“সাকিব ভাইয়ের বিষয়টা তো আমরা সবাই জানি। তিনি কী কারণে আসতে পারেননি বা খেলতে পারেননি, এটা আমার মনে হয় না কারও কাছে অজানা। তিনি একজন কিংবদন্তি ক্রিকেটার। বাংলাদেশের হয়ে তিনি অনেক অর্জন করেছেন। অস্বীকার করতে পারব না। যেহেতু একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আমার মনে হয়, সবাই তার পাশে থাকা উচিৎ।”
