নেতৃত্বের ভবিষ্যৎ জানা নেই মিরাজের
লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দিলে দল গড়ে তোলা যায়, বললেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
কোচ ফিল সিমন্স আগের দিন বলে গেছেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই আগামী বছরের বিশ্বকাপের পথে যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। এবার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠেও শোনা গেল বিশ্বকাপ নিয়ে নানা ভাবনা ও পরিকল্পনা। কিন্তু তিনি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন তো? তিনি নিজেও তা নিশ্চিত নন। তার কথায় মিশে থাকল অনিশ্চয়তার সুর।
গত বছরের জুন মাসে আচমকাই নাজমুল হোমেস শান্তকে সরিয়ে মিরাজকে অধিনায়ক করা হয় এক বছরের জন্য। অধিনায়ক হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলন শেষে তিনিন মজা করে সংবাদকর্মীদের বলেছিলেন, “আমি অধিনায়ক হওয়ায় মনে হয় আপনারা খুশি হননি…।” মূলত তার অধিনায়কত্ব পাওয়ার প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন হওয়াতেই অমনটি মনে হয়েছিল তার।
সময়ের সঙ্গে তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন আরও উচ্চকিত হয়েছে। দল খুব ভালো করতে পারেনি। তার নিজের পারফরম্যান্সও গত বছর ছিল বেশ বিবর্ণ। সবশেষ সিরিজে দেশের মাঠে টার্নিং উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় ধরা দিয়েছে বটে। তবে তার নিজের পারফরম্যান্স নিয়ে প্রশ্নগুলো রয়েই গেছে।
বাংলাদেশের মতো দলে অধিনায়ক পারফর্ম করতে না পারলে দলে তাকে বেশি দিন বয়ে নেওয়া কঠিন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলো তার কাছে। কিন্তু তিনি নিজেও নিশ্চিত নন।
“ওটা তো আমার একার সিদ্ধান্ত নয়, ক্রিকেট বোর্ডে যারা আছে, তাদের সিদ্ধান্ত। তারা এখনও ওই ব্যাপারে আমার সঙ্গে আলোচনা করেননি। আমার কাছে মনে হয়,যেহেতু এই সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সিরিজের পরে হয়তো আলোচনা করা হবে বা তাদের সঙ্গে কথা হবে।”
তবে লম্বা সময়ের জন্য যে দায়িত্বে থাকতে চান, সেটি তিনি বুঝিয়ে দিলেন পরের কথায়।
“দেখুন অধিনায়কত্ব… দলের প্রয়োজনে একজন তো অধিনায়ক থাকবেই। আমার কাছে মনে হয় যে, অধিনায়কত্ব যাকে দেওয়া হোক না কেন, তাকে সময় দিলে জিনিসটা সুন্দরভাবে গড়া যায় দলকে।”
বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতা ভাবনায় রাখলে, পাকিস্তানের বিপক্ষে সিরিজটি হেরে গেলে মিরাজের অধিনায়কত্ব টিকিয়ে রাখা হবে খুবই কঠিন। তার কথায় মনে হলো, তিনি নিজেও তা উপলব্ধি করতে পারছেন।
“আমাকে যতদিনই জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে, চেষ্টা করব যে দলটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। প্রথম দুই সিরিজে ভালো হয়নি, আমরা হেরে গিয়েছি। তারপর সবশেষ সিরিজ কিন্তু আমরা ম্যাচ জিতেছি।”
“এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার জন্য নয়, বাংলাদেশ দলের জন্য, বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশ সামনে বিশ্বকাপ খেলবে। বিশ্বকাপের জন্য যে অধিনায়ক থাকুক না কেন, প্রথম অগ্রাধিকার বাংলাদেশ দল এবং সামনে বিশ্বকাপে কোয়ালিফাই (সরাসরি) করাটা গুরুত্বপূর্ণ।”
