১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘প্রজন্মকে ধ্বংস করছেন’, ভারত-ম্যাচ বর্জনের জন্য পিসিবিকে একহাত নিলেন কাপিল দেব

চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ বর্জনের কারণে ক্রিকেট বিশ্বে পাকিস্তানের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

‘প্রজন্মকে ধ্বংস করছেন’, ভারত-ম্যাচ বর্জনের জন্য পিসিবিকে একহাত নিলেন কাপিল দেব
ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাপিল দেব। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 09:24 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তীব্র সমালোচনা করেছেন কাপিল দেব। এই পদক্ষেপ পাকিস্তানের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের ওপর বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। তবে গত রোববার পাকিস্তান সরকার জানিয়ে দেয়, ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল। তারপর থেকেই এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট দুনিয়ায় চলছে তোলপাড়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে আলাপে কাপিল বলেন, এই সিদ্ধান্তে ক্রিকেট বিশ্বে পাকিস্তানের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা নিজেদের খেলোয়াড়দের সঙ্গে ‘অন্যায়’ করছে বলে অভিমত সাবেক এই অলরাউন্ডারের। 

“যদি সিদ্ধান্তটি খেলোয়াড়রা নিয়ে থাকে, তাহলে তারা তা প্রকাশ্যে বলতে পারে। কিন্তু যখন বোর্ড সিদ্ধান্ত নেয় যে খেলবে না, তখন দেশের সুনাম ক্ষুণ্ন হয়। পাকিস্তানের জন্য এটা ভালো নয়। আপনারা প্রজন্মকে ধ্বংস করছেন।”

“পাকিস্তান বছরের পর বছর ধরে আমাদের দারুণ সব প্রতিভা উপহার দিয়েছে; কিন্তু যদি আপনারা এই ছেলেদের বিশ্বকাপ খেলতে না দেন, তাহলে আপনারা খেলাটির ক্ষতি করছেন এবং আপনার নিজের খেলোয়াড়দের প্রতি অন্যায় করছেন।”