২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তকে কিপিং করানোর কারণ জানাল বরিশাল

বিগ ব্যাশে দল পেয়েও খেলতে না পারায় আক্ষেপ নেই এই লেগ স্পিনারের, বিপিএল খেলে সিলেটে গ্যালারি ভরা দর্শকদের চুপ করিয়ে দিতে পেরে ভালো লেগেছে তার।

ক্রীড়া প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2025, 09:38 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

বিপিএলে রান করা, ক্যাচ নেওয়া, উইকেট শিকার-সব অভিজ্ঞতাই ছিল নাজমুল হোসেন শান্তর। এবার স্টাম্পিংয়ের অভিজ্ঞতাও হয়ে গেল তার। বাংলাদেশ অধিনায়ক এখন নিজেকে পরিপূর্ণ অলরাউন্ডার দাবি করতেই পারেন!

নাহ, মজাটুকু বাদ দিলে তিনি কোনো অলরাউন্ডারই নন। তবে দলের প্রয়োজনে যে তিনি সবকিছু করতে পারেন, সেটিই ফুটে উঠল এবারের বিপিএলে। দলের প্রয়োজনে দুটি ম্যাচে কিপিং করে ফেললেন তিনি।

সিলেটে মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কিপিংয়ে নেমে সবাইকে চমকে দেন তিনি। ফরচুন বরিশালের মূল কিপার মুশফিকুর রহিম ছিলেন ম্যাচে। তবে আগের ম্যাচে চোট পাওয়া অভিজ্ঞ ক্রিকেটার সেদিন মাঠে নামেন ব্যাটসম্যান হিসেবে। বিকল্প কিপার প্রিতম কুমারকে এক ম্যাচ খেলিয়ে আর নামায়নি বরিশাল। শান্তর কাছ থেকে ব্যাটিংটা পাওয়ার আশায় তাকে একাদশে রেখেই কিপার বানিয়ে দেয় তারা।

সেদিন কিপিংয়ে কোনো ডিসমিসাল করতে পারেননি শান্ত। ব্যর্থ হন ব্যাট হাতেও। রংপুর রাইডার্সের বিপক্ষে বৃহস্পতিবার ব্যাট হাতে ৩০ বলে ৪১ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার আভাস দেন তিনি। পরে রংপুরের রান তাড়ায় দ্বিতীয় ওভারেই তানভির ইসলামের বলে স্টাম্পিং করেন অ্যালেক্স হেলসকে। স্বীকৃত ক্রিকেটে প্রথমবার স্টাম্পিং করার স্বাদ পেলেন তিনি। 

পরে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটের পেছনে ক্যাচও নেন শান্ত। আউট হন ইফতিখার আহমেদ। 

আগের ম্যাচে শান্ত কিপিং করলেও আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে কারণঠি জানানো হয়নি। রংপুরের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে তা জানালেন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল।

“টিম কম্বিনেশনের কারণে (কিপিং করছে শান্ত)। আজকে মুশফিক হয়তো করতে পারত (কিপিং), তবে ঝুঁকিটা নেয়নি। কারণ, এরপর আমাদের বিরতি আছে। এটা ওর আঙুলের জন্য আরও ভালো হবে। এই কারণে শান্ত আজকের ম্যাচটিও করেছে। আমার মনে হয়, সে ভালো করেছে।”

বরিশালের পরের ম্যাচ চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার। পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে তারা, হেরেছে রংপুর রাইডার্সের বিপক্ষে দুটি ম্যাচ।