২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ পেসার নিয়ে অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের অপেক্ষায় উইন্ডিজ

সিরিজের প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের শক্তিশালী পেস আক্রমণ সামলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে।

পাঁচ পেসার নিয়ে অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের অপেক্ষায় উইন্ডিজ
টেস্ট সিরিজের ট্রফি হাতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 11:42 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

শক্তিশালী পেস আক্রমণ নিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নামছে ওয়েস্ট ইন্ডিজ। চার বিশেষজ্ঞ পেসারের পাশাপাশি একজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে ক্যারিবিয়ানরা।

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার রাত আটটায় শুরু হবে প্রথম টেস্ট। আগের দিন একাদশ জানিয়ে দিয়েছে স্বাগতিকরা।

অভিজ্ঞ কিমার রোচের সঙ্গে পেস আক্রমণে আছেন আলজারি জোসেফ, জেডেন সিলস ও শামার জোসেফ। তাদের সঙ্গে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। 

অ্যান্টিগার এই মাঠে উইকেট হয়ে থাকে সচরাচর পেস সহায়ক। ওয়েস্ট ইন্ডিজের একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। খুব জরুরি হলে স্পিন চালিয়ে নেবেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও কাভেম হজ।

বাংলাদেশের সবশেষ দুটি ওয়েস্ট ইন্ডিজ সফরেও প্রথম টেস্ট ছিল অ্যান্টিগায় এবং দুবারই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ম্যাচ হেরেছিল সফরকারীরা। ২০১৮ সালে এখানে টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে অল আউট হয়ে বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। ২০২২ সালে প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ১০৩ রানে, হেরেছিল ৭ উইকেটে। 

এই বছরে যদিও এখন পর্যন্ত ৭ টেস্ট খেলে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে কেবল একটি। বাংলাদেশ তাদের সবশেষ সিরিজে দেশের মাঠে হোয়াইটওয়াশড হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার আগে বাজেভাবে সিরিজ হেরে এসেছে ভারত থেকে।

চোটের কারণে ক্যারিবিয়ানে টেস্ট সিরিজে বাংলাদেশ পাচ্ছে না অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, আলিক আথানেজ, কেসি কার্টি, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কিমার কোচ, জেডেন সিলস।