Published : 27 Sep 2025, 11:52 PM
এশিয়া কাপের ফাইনালে ভারতকে পরিষ্কার ফেভারিট মেনে নিচ্ছেন মিসবাহ-উল-হাক। তবে লড়াইটা যখন এক ম্যাচের, তখন যে কোনো কিছু হতে পারে বলে মনে করেন তিনি। পাকিস্তানের সাবেক অধিনায়কের চাওয়া, ভালো একটি দিন কাটুক তার উত্তরসূরিদের আর বিপরীত অবস্থা হোক ভারতের।
দুবাইয়ে রোববার এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই প্রতিযোগিতার ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দুই দল।
দুই দলের লড়াইয়ে মাঠের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা নেই অবশ্য অনেক দিন ধরেই। চলতি আসরেই যেমন, গ্রুপ পর্ব ও সুপার ফোরের দুই ম্যাচে ভারতের সামনে পাত্তাই পায়নি পাকিস্তান। টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ১৫ বারের দেখায় ভারতের জয় ১২টি, পাকিস্তানের ৩টি। সবশেষ চার ম্যাচেই জয় ভারতের।
তবে ফাইনাল বলেই আশাবাদী মিসবাহ। পিটিভি স্পোর্টসের অনুষ্ঠানে ৫১ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান তুলে ধরলেন তার দেশের এই সময়ের আবহের কথা, পাকিস্তানের জয়ের আশায় এখন গোটা দেশ।
“মানুষ প্রার্থনা শুরু করেছে! তারা একত্রিত হচ্ছে। ক্রিকেটই এই জাতিকে ঐক্যবদ্ধ করে। বিশেষ করে যখন পাকিস্তান ও ভারতের ম্যাচ হয়, তখন আমার মনে হয় না দেশে এমন কোনো মানুষ আছে, যে চায় না পাকিস্তান ভালো করুক। তারা সবাই চায় পাকিস্তান ভালো করুক ও ম্যাচ জিতুক।”
“শোয়েব মালিক (পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক) যেমনটা বলেছে, পাকিস্তানের হারানোর কিছু নেই। ভারত ফেভারিট, সবাই জানে তাদের ভালো একটি দল আছে। পাকিস্তান কোনোভাবে ফাইনালে এসেছে। এখন কেবল একটি দিন, একটি ম্যাচের ব্যাপার। সবাই আশাবাদী যে, আমাদের ভালো একটি দিন কাটবে এবং ভারতের একটি বাজে দিন যাবে। অনেক দিন ধরে এর চেয়ে বড় ম্যাচ হয়নি।”
পাকিস্তানের ব্যাটিং কেমন হওয়া উচিত, সেটাও বলেছেন মিসবাহ। তার মতে, উইকেটের আচরণ বুঝে সেই অনুযায়ী খেলতে হবে ফাখার জামান, সালমান আলি আগাদের।