অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজ
Published : 24 Jul 2025, 05:12 PM
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাওয়া চোট থেকে সেরে উঠেছেন টেম্বা বাভুমা। নেতৃত্ব নিয়েই অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে ফিরেছেন তিনি। আর টেস্টের মুকুট জয়ের পর বিশ্রামে থাকা টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মার্করামকেও ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা।
অগাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা। দুই সংস্করণের জন্য বৃহস্পতিবার আলাদা দুটি দল দিয়েছে তারা। প্রথমবারের মতো রঙিন পোশাকের দলে ডাক পেয়েছেন প্রেনেলান সুব্রায়েন।
বাভুমার নেতৃত্বে লর্ডসে গত মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান বাভুমা। যার ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি।
ফাইনালের পর মার্করাম ছাড়াও কাগিসো রাবাদা, কেশাভ মহারাজ, ভিয়ান মুল্ডার, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটনদের বিশ্রাম দেয় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে যাচ্ছেন তারা সবাই।
ওয়ানডের জন্য ১৬ ও টি-টোয়েন্টির জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দুই সংস্করণের দলেই আছেন, এমন ক্রিকেটার ১১ জন। কেবল ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাভুমা, ম্যাথু ব্রিটস্ক, টনি ডি জর্জি, মহারাজ, মুল্ডার। আর শুধু টি-টোয়েন্টি দলে আছেন জর্জ লিন্ডা, কিউনা মাফাকা, নাকাবা পিটার, ও রাসি ফন ডার ডাসেন।
চলতি মাসের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় সুব্রায়েনের। ওই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া এই অফ স্পিনার এখন অপেক্ষায় দেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার।
এখন পর্যন্ত ১০১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী সুব্রায়েন। এই সংস্করণে তার উইকেট ৯৬টি। আর ১২০টি স্বীকৃতি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১০ শিকার ধরেছেন তিনি।
ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন সুব্রায়েন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬৪ ইনিংসে ৩ ফিফটিতে তার রান ৯৩৩। আর টি-টোয়েন্টিতে ৫৪ ইনিংসে করেছেন ৪৯২ রান, স্ট্রাইক রেট ১২.৩০।
দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ও টি-টোয়েন্টি খেলা লুয়ান-ড্রে প্রিটোরিয়াস প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৪ ম্যাচে ৫৭৭ রান করেছেন তিনি ১১০.৯৬ স্ট্রাইক রেটে, সেঞ্চুরি দুটি ও ফিফটি তিনটি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মার্কো ইয়ানসেন। পরে তার আঙুলে করাতে হয় অস্ত্রোপচার। সেরে ওঠার লড়াইয়ে থাকা এই পেসার অনুমিতভাবেই নেই অস্ট্রেলিয়া সফরের দলে।
আসছে সিরিজটির সময় ইংল্যান্ডের দা হান্ড্রেড টুর্নামেন্টে খেলবেন ডেভিড মিলার। তাই অস্ট্রেলিয়ায় বিধ্বংসী এই ব্যাটসম্যানকেও পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে ফিরতে পারেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি তিনটি হবে আগামী ১০, ১২ ও ১৬ অগাস্ট। এরপর ওয়ানডেগুলো খেলবে তারা ১৯, ২২ ও ২৪ অগাস্ট।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল: এইডেন মার্করাম (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জর্জ লিন্ডা, কিউনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লিয়ান-ড্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন, রাসি ফন ডার ডাসেন।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্ক, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, এইডেন মার্করাম, সেনুরান মুথুসামি, কেশাভ মহারাজ, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন।