আইপিএলে চেন্নাই, রাজস্থান নিষিদ্ধ
সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশনা বাস্তবায়ন নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই দল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের দুই ফ্র্যাঞ্চাইজিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে তারা।
সাবেক প্রধান বিচারপতি আরএম লোধার নেতৃত্বাধীন প্যানেলের সুপারিশ অনুযায়ী এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে রোববার জানায় বিসিসিআই।
মুম্বাইয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভা শেষে চেয়ারম্যান রাজীব শুক্লা জানান, লোধা কমিটির প্রতিবেদনে দেওয়া প্রতিটি নির্দেশনা বাস্তবায়ন করবেন তারা।
আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের জন্য চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের ফ্র্যাঞ্চাইজিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার কথা বলেছিল ভারতের সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া এই প্যানেল। আর চেন্নাই সুপার কিংসের ‘প্রিন্সিপাল’ এবং আইসিসি সভাপতি এন শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপ্পন ও রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক রাজ কুন্দ্রাকে সব ধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করে এই প্যানেল।
লোধা কমিটির প্রতিবেদনে আইপিএলকে কেলেঙ্কারিমুক্ত রাখতে কিছু পরামর্শও দেওয়া হয়। নির্দেশনাগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে শুক্লা বলেন, “গতবারের চেয়ে এবারের আইপিএল আরও ভালো হবে।”
ক্রিকেট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালের মে মাসে শ্রীশান্তসহ রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে এ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অনেকের পরিচয় ফাঁস হতে থাকে, গ্রেপ্তার হন আরো কয়েকজন।
২০১৩ সালের অক্টোবরে হাই কোর্টের সাবেক বিচারপতি মুকুল মুডগালের নেতৃত্বে একটি কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
পরে গত বছরের ফেব্রুয়ারিতে ওই কমিটির দেওয়া প্রতিবেদনে বলা হয়, সিএসকে-এর মুখপাত্র ছিলেন মায়াপ্পন এবং বাজির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাছাড়া দলের বিভিন্ন তথ্য মায়াপ্পন বাজিকরদের দিতেন বলেও তদন্তে বের হয়ে আসে।
তারপরই শ্রীনিবাসনের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ভারতের ক্রিকেট অঙ্গন। পরে সুপ্রিম কোর্টের আদেশে সরে দাঁড়ান শ্রীনিবাসন।
সবশেষ গত জানুয়ারিতে সুপ্রিম কোট মায়াপ্পন, কুন্দ্রা এবং তাদের দলের শাস্তি নির্ধারণের জন্য লোধাকে প্রধান করে কমিটি গঠন করে।
মঙ্গলবার লোধা জানান, রাজস্থান রয়্যালসের রাজ কুন্দ্রার তার কর্মকাণ্ড ক্রিকেট, বিসিসিআই ও আইপিএলের সুনাম নষ্ট করেছে।
আর মায়াপ্পনের কাজ খেলাটির ভাবমূর্তির উপর প্রচণ্ড আঘাত হেনেছে। তারপরও ইন্ডিয়া সিমেন্ট তার বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেয়নি বলে উল্লেখ করেন লোধা।
