২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার প্রতিশোধের আগুনে পুড়ল ইংল্যান্ড

ব্যাটসম্যানদের সীমাহীন ব্যর্থতায় এক দিনের খেলা বাকি থাকতেই লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ৪০৫ রানের এই জয়ে সিরিজে সমতা আনল মাইকেল ক্লার্কের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 10:08 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

অ্যাশেজের প্রথম টেস্টে কার্ডিফে ১৬৯ রানে জিতে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। আগামী বুধবার বার্মিংহামে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্ট।

জয়ের জন্য ৫০৯ রানের প্রায় অসম্ভব লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩৭ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। অ্যাডাম লাইথের সঙ্গে অধিনায়ক অ্যালিস্টার কুকের উদ্বোধনী জুটির স্থায়ীত্ব ছিল মাত্র ৪.৩ ওভার।

মিচেল স্ট্যার্কের বলে উইকেটের পেছনে লাইথ (৭) পিটার নেভিলকে ক্যাচ দিলে ভাঙে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। এরপর মিচেল জনসনের পেস গোলায় পরাস্ত হন কুক। ব্যক্তিগত ১১ রানে নেভিলকে ক্যাচ দেন স্বাগতিক অধিনায়কও।

এরপর জনসন-স্ট্যার্কদের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেনি ইংল্যান্ড। গ্যারি ব্যালান্স, ইয়ান বেলের দ্রুত বিদায় দলের বিপদ বাড়ায়। ইংল্যান্ডের দলীয় রান পঞ্চাশ পেরুনোর পর পরই বেন স্টোকস কোনো রান না করে আউট হন।

আর ২৯তম ওভারে জনসনের জোড়া আঘাতে জস বাটলার ও মইন আলির বিদায় নিলে ৬৪ রান উঠতেই সাত উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।

অষ্টম উইকেট জুটিতে জো রুট ও স্টুয়ার্ট ব্রড মিলে ৩৭ রান তুলেছিলেন কিন্তু তা কেবল পঞ্চম দিনে ম্যাচটি নিয়ে যেতে পারেনি। ব্রডকে (২৫) অ্যাডাম ভোজেসের ক্যাচে পরিণত করে এ জুটি ভাঙেন নাথান লায়ন।

দলীয় ১০১ রানে ব্রডের পর বিদায় নেন রুটও। ৪৪ বলে ১৭ রান তোলা এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে বোল্ড করেন জস হেইজেলউড। আর ৩৭তম ওভারের শেষ বলে জেমস অ্যান্ডারসনকে হেইজেলউড বোল্ড করলে অস্ট্রেলিয়ার চার দিনেই বিশাল ব্যবধানের জয় পায়।

অস্ট্রেলিয়ার জনসন তিনটি এবং হেইজেলউড ও লায়ন দুটি করে উইকেট নেন।

৮ উইকেটে ৫৬৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। দুই উইকেটে ২৫৪ রান তুলে দ্বিতীয় ইনিংসও ঘোষণা করে মাইকেল ক্লার্কের দল।

আর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৩১২ রান তোলে ইংল্যান্ড।

এর আগে রোববার বিনা উইকেটে ১০৮ রান নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আহত হয়ে দলীয় ১১৪ রানে মাঠ ছাড়েন ক্রিস রজার্স (অপরাজিত ৪৯)। মইনের বলে কুকের হাতে ধরা পড়ার আগে ৮৩ রানের দারুণ এক ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার।

প্রথম ইনিংসে দ্বিশতক করা স্টিভেন স্মিথ আউট হওয়ার আগে করেন ৫৮ রান। মার্শকে (২৭) নিয়ে দ্রুত কিছু রান তুলে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মাইকেল ক্লার্ক (৩২)।