২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশাল জয়ে সিরিজে এগিয়ে পাকিস্তান

ব্যাটসম্যানদের দৃঢ়তাভরা ব্যাটিং আর বোলারদের দারুণ বোলিংয়ে বড় জয় পেয়েছে পাকিস্তান। একপেশে ম্যাচে হেরে সিরিজে আবার পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 07:30 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

১৩৫ রানের এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। আগামী বুধবার হবে চতুর্থ ওয়ানডে।
 
রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে চার উইকেটে ৩১৬ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। জবাবে ৪১ ওভার ১ বলে ১৮১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
 
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৫৬ রান করেন লাহিরু থিরিমান্নে।
 
দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরা। স্বাগতিকরা কোনো অর্ধশত রানের জুটি গড়তে পারেনি, সর্বোচ্চ ৪০ রানের জুটি গড়ে উঠে থিরিমান্নে ও উপুল থারাঙ্গার মধ্যে। 

২৯ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার লেগ স্পিনার ইয়াসির শাহ। দুটি করে উইকেট নেন আনোয়ার আলি ও অভিষিক্ত ইমাদ ওয়াসিম। এর আগে আহমেদ শেহজাদ ও আজহার আলির ৯৩ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো হয় পাকিস্তানের। শেহজাদকে (৪৪) বিদায় করে অতিথিদের ১৬.৩ ওভার স্থায়ী জুটি ভাঙেন লাসিথ মালিঙ্গা।  নেতৃত্বে পাওয়ার পর থেকে দারুণ ব্যাটিং করছেন আজহার (৪৯)। মাত্র ১ রানের জন্য অর্ধশতক না পেলেও দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তিনি। রান আউট হয়ে অধিনায়কের বিদায়ের পর মোহাম্মদ হাফিজ ও সরফরাজ পাকিস্তানকে এগিয়ে নিতে থাকেন।  ৫৪ রান করে হাফিজের বিদায় ভাঙে বিপজ্জনক হয়ে উঠা তৃতীয় উইকেট জুটি। ৭২ রানের জুটি ভাঙার পরও অবিচল ছিলেন সরফরাজ। শোয়েব মালিকের সঙ্গে ৬১ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন তিনি।  সরফরাজের রান আউটে ভাঙে ৭.৪ ওভার স্থায়ী জুটি। সর্বোচ্চ ৭৭ রান করা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ৭৪ বলের ইনিংসটি সাজানো ৭টি চারে। শেষ দিকে শোয়েব ও মোহাম্মদ রিজওয়ান ঝড়ো ব্যাটিংয়ে তিনশ’ পার হয় পাকিস্তানের সংগ্রহ। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে শোয়েবের (২৯ বলে অপরাজিত ৪২) সঙ্গে ৫.৪ ওভারে ৫৯ রানের জুটি গড়েন রিজওয়ান। ২২ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন তিনি।