২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে সাকিব-তামিমরা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ঈদুল ফিতরের জন্য শনিবার থেকে দুই দিনের ছুটি পেয়েছেন তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 09:57 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে দুই দিনের ছুটিতে হোটেল থেকে বাসায় ফিরেছেন আট ক্রিকেটার।

বিসিবির পরিচালক ও জাতীয় দলের ব্যবস্থাপক খালেদ মাহমুদ জানিয়েছেন, অধিনায়ক মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান দলের হোটেলেই রয়ে গেছেন। এই ছয় ক্রিকেটার ঈদের ছুটি কাটাতে পারেন চট্টগ্রামেই।

তামিম ইকবাল থাকবেন চট্টগ্রামে। নিজের শহরেই ঈদ উদযাপন করবেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সতীর্থ ক্রিকেটাদের বাসায় দাওয়াত করে খাওয়াবেন টেস্ট দলের সহ-অধিনায়ক।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম ছেড়েছেন সাকিব আল হাসান। ঢাকায় ঈদ করবেন তিন ফরম্যাটেই আইসিসির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ এই অলরাউন্ডার।

রংপুরে ঈদ করা হচ্ছে না নাসির হোসেনের। সময় কম থাকায় বাড়ি না গিয়ে ঢাকাতেই ঈদ উদযাপন করবেন এই অলরাউন্ডার।

ঈদের ছুটি কাটাতে গত বৃহস্পতিবারই মিরপুরে ভাইয়ের বাসায় গেছেন সৌম্য সরকার। এবারের ঈদে টিভি চ্যানেলগুলোতে কয়েকটি অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

মুমিনুল হক ঈদের ছুটি কাটাতে ফিরেছেন কক্সবাজারে। শুক্রবারই নিজের শহরে পৌঁছান এই টপ অর্ডার ব্যাটসম্যান। ভাই-বোনদের সঙ্গে আড্ডা ছাড়া আর কোনো পরিকল্পনা নেই এই তরুণের। 

শুক্রবারও অনুশীলন করা ইমরুল কায়েস ঈদ উদযাপন করবেন ঢাকায়। এই উদ্বোধনী ব্যাটসম্যান জানান, ঈদের পরদিনই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

সময় কম থাকায় বাড়ি জামালপুরে যাওয়া হচ্ছে না জুবায়ের হোসেনের। এই লেগ স্পিনারও ছুটি কাটাবেন রাজধানীতে।

মোহাম্মদ শহীদ ঈদ করবেন নারায়ণগঞ্জে। এই পেসার জাতীয় দলে আসার পর এটাই প্রথম ঈদ, তার বাড়িতে তাই আনন্দটা আরও বেশি। বন্ধুদের সঙ্গে আড্ডায় ঈদ উদযাপন করতে চান এই পেসার।

মাশরাফি বিন মুর্তজা, সাব্বির রহমান, এনামুল হক ও আরাফাত সানিদের ছুটি শুরু হয়ে গেছে ওয়ানডে সিরিজ শেষেই। ওয়ানডে অধিনায়ক মাশরাফি ঈদ করবেন নড়াইলে।