২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিনাকের শতকে বাংলাদেশের সিরিজ

পিনাক ঘোষের শতকে ষষ্ঠ ওয়ানডেতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৫৮ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে অতিথিরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 05:36 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

এই জয়ে সাত ম্যাচের সিরিজে ৪-২ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। 
 
শুক্রবার ডারবানের চ্যাটসওর্থ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩০৪ রান করে বাংলাদেশ। জবাবে ৪৮ ওভার ৩ বলে ২৪৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
 
বড় লক্ষ্য তাড়া করতে নেমে লিয়াম স্মিথের (৩১) সঙ্গে ম্যাথুর (৬২) উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো হয় দক্ষিণ আফ্রিকার। তবে সঞ্জিত সাহা ১৯ ওভার স্থায়ী ৭২ রানের জুটি ভাঙার পর আর পেছনে তাকাতে হয়নি অতিথিদের। 
 
এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় স্বাগগিতকরা। প্রথম আট ব্যাটসম্যানের সবাই দুই অঙ্কে গেলেও দুই উদ্বোধনী ব্যাটসম্যান ছাড়া আর কেউ ত্রিশ পার হতে পারেননি। 
 
৪৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার নাজমুল হাসান। অধিনায়ক মেহেদী হাসান ২ উইকেট নেন ৪৫ রানে। 
 
এর আগে শূন্য রানে সাইফ হাসানের বিদায়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে জয়রাজ শেখের সঙ্গে ১৩৭ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান পিনাক।  ৯৬ বলে ৬টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৬৪ রান করে জয়রাজের বিদায়ে ভাঙে  ২৯.২ ওভার স্থায়ী এই জুটি।
 
নাজমুলের সঙ্গে ৩৯ রানের একটি জুটি গড়ার পর মেহেদীর (২৮) সঙ্গে ৭৪ রানের আরেকটি ভালা জুটি উপহার দেন পিনাক। 
 
৪৮তম ওভারে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেওয়ার আগে ১৫০ রানের অনবদ্য এক ইনিংস খেলেন পিনাক। এই বাঁহাতি ব্যাটসম্যানের ১৪১ বলের ইনিংসটি ২১টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ।
 
৩৫ রানে ৩ উইকেট নিয়ে ডায়ান গ্যালিয়েম দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। এছাড়া উইলেম লুডিক ও জিয়াদ আব্রাহাম দুটি করে উইকেট নেন।