২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২ মাস নিষিদ্ধ হাফিজ

পাকিস্তানের মোহাম্মদ হাফিজ আন্তর্জাতিক ক্রিকেটে আগামী ১২ মাস বোলিং করতে পারবেন না। এক বছরের মধ্যে বোলিং অ্যাকশন দ্বিতীয় বার অবৈধ প্রমাণিত হওয়ায় আইসিসি এই অলরাউন্ডারের বোলিং নিষিদ্ধ করছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 03:53 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

এক বছর পর আবার বোলিং অ্যাকশনের নতুন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন অফস্পিনার হাফিজ।
 
৩৪ বছর বয়সী হাফিজ গত ৬ জুলাই চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের আনুষ্ঠানিক পরীক্ষা দেন। এতে দেখা যায়, বোলিং করার সময় কনুইয়ের ১৫ ডিগ্রির সীমা ছাড়িয়ে যান তিনি।
 
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছিলেন আম্পায়াররা।
 
এর আগে গত নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে আবু ধাবি টেস্টে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রথম আপত্তি তোলেন আম্পায়াররা। পরীক্ষায় দেখা যায়, বল করার সময় তার কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকে। ফলে বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারেননি তিনি।
 
পরে বোলিং অ্যাকশন পাল্টে ফের বল করার অনুমতি পান হাফিজ। কিন্তু আবারও তা অবৈধ প্রমাণিত হওয়ায় তার বোলিং ক্যারিয়ারই শঙ্কার মুখে পড়ে গেল।