২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং সহায়ক উইকেট চান ইমরুল

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট ড্র করা বাংলাদেশের জন্য বড় অর্জন হবে বলে মনে করছেন ইমরুল কায়েস। এই বাঁহাতি ব্যাটসম্যানের বিশ্বাস, ব্যাটিং সহায়ক উইকেট পেলে চট্টগ্রাম টেস্টে এই ফল পাওয়া সম্ভব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 02:13 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

আগামী মঙ্গলবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এই ভেন্যুতে শেষ পাঁচ টেস্টের তিনটিই ড্র হয়েছে। তবে সর্বশেষ টেস্টের জয়ে অনুপ্রাণিত হতেই পারে স্বাগতিকরা।  

গত বছর নভেম্বরে জিম্বাবুয়েকে এখানে ১৮৬ রানে রানে হারায় বাংলাদেশ। এর আগে ফেব্রুয়ারিতে রান উৎসবের ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে স্বাগতিকরা। ইমরুল তেমন কোনো উইকেটই চান এবার।

“আমার মনে হয়, আমাদের জন্য সবচেয়ে ভালো হবে ব্যাটিং সহায়ক উইকেট। যদি প্রথমে আমরা চারশর বেশি রান করতে পারি, ওরাও হয়তো এমন রান করবে; তাতে খেলা হয়তো ড্রয়ের দিকে চলে যাবে।”

১৩০ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র‍্যাংঙ্কিংয়ে সবার ওপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪১ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে থাকা বাংলাদেশের সঙ্গে তাদের শক্তির পার্থক্যটা সহজেই অনুমেয়। তাই হার এড়ানোর দিকেই মনোযোগ ইমরুলের।

“দক্ষিণ আফ্রিকার সঙ্গে যদি ভালোভাবে ড্র করতে পারি আমাদের জন্য অনেক বড় অর্জন হবে।” 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা আট টেস্টের সবকটিতেই হেরেছে বাংলাদেশ; এই সাতটিতে আবার ইনিংস ব্যবধানে হারের বাজে অভিজ্ঞতাও হয়েছে তাদের।