২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডস টেস্টে প্রথম দিনে দুর্দান্ত অস্ট্রেলিয়া

অ্যাশেজে সমতা ফেরানোর লড়াইয়ে প্রথম দিনটা দুর্দান্ত কেটেছে অস্ট্রেলিয়ার। ক্রিস রজার্স ও স্টিভেন স্মিথের অপরাজিত শতকে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৩৩৭।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 11:58 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

ভিনদেশী হয়েও লর্ডস এক রকম ঘরের মাঠ রজার্সের জন্য। ইংলিশ কাউন্টিতে গত ৪ বছর ধরে খেলছেন মিডলসেক্সে, যে দলের হোম গ্রাউন্ড এই লর্ডস। চেনা মাঠ, চেনা উইকেটে অসাধারণ এক শতক করেছেন রজার্স। সারাদিন ব্যাটিং করে অপরাজিত তিনি ১৫৮ রানে। ২২ টেস্টে বাঁহাতি ওপেনারের এটি পঞ্চম সেঞ্চুরি। দেড়শ ছুঁলেন এই প্রথমবার, আগের সর্বোচ্চ ছিল ১১৯।

আগের টেস্টে দুই ইনিংসেই ৩৩ রান করে আউট হওয়া স্মিথ এবার আর থিতু হয়ে উইকেট বিলিয়ে আসেননি। ৩০ টেস্টে দশম শতক তুলে নিয়ে অপরাজিত আছেন ১২৯ রানে।

দ্বিতীয় উইকেটে এই দুজনের অবিচ্ছিন্ন জুটি ২৫৯ রানের। দুজন মিলে ভেঙে দিয়েছেন ৮৫ বছর পুরোনো এক রেকর্ড। লর্ডসে দ্বিতীয় উইকেটে অস্ট্রেলিয়ার সেরা জুটি ছিল এতদিন ২৩১ রানের, ১৯৩০ সালের অ্যাশেজে ডন ব্র্যাডম্যান ও বিল উডফুলের।

ক্রিকেট তীর্থে ব্যাটিং উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে ভালো শুরু এনে দিয়েছিলেন রজার্স ও ডেভিড ওয়ার্নার। ১৫ ওভারে ৭৮ রানের উদ্বোধনী জুটি গড়েন দুজন। ৪২ বলে ৩৮ রান করা ওয়ার্নার আউট হন অফ স্পিনার মঈন আলিকে উড়িয়ে মারতে গিয়ে। এরপর রজার্স ও স্মিথের অসাধারণ ব্যাটিংয়ে সারা দিনে আর কোনো উইকেট জোটেনি ইংলিশ বোলারদের।

প্রথম টেস্ট জিতে ৫ ম্যাচের সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড।