সাকিবের পর মাশরাফিরও ২০০
২০০ উইকেটের ক্লাবে এক দিনেই দুজন স্বদেশী সঙ্গী পেয়ে গেলেন আব্দুর রাজ্জাক। সাকিব আল হাসানের পর চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ২০০ উইকেট ছুঁয়ে ফেললেন মাশরাফি বিন মুর্তজাও।
সাকিবের চেয়ে ১টি উইকেট বেশি নিয়ে এই ম্যাচে মাঠে নেমেছিলেন মাশরাফি। তবে ২ ওভারের প্রথম স্পেলে কোনো উইকেট পাননি বাংলাদেশ অধিনায়ক। মন্থর উইকেটে নিজের জায়গায় তিনি বোলিংয়ে আনেন সাকিবকে। দুটি উইকেট নিয়ে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে সাকিব ছুঁয়ে ফেলেন ২০০। এরপর বৃষ্টি বিরতি মাশরাফির অপেক্ষা দীর্ঘায়িত করে আরও। শেষ পর্যন্ত দ্বিতীয় স্পেলের দ্বিতীয় ওভারে ডেভিড মিলারকে ফিরিয়ে উইকেটের দ্বিশতক পূর্ণ করেন মাশরাফি। পয়েন্টে দুর্দান্ত ক্যাচ নেন সাব্বির রহমান।
মাশরাফির ২০০ উইকেটের একটি অবশ্য বাংলাদেশের হয়ে নয়। ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে এশিয়া একাদশের হয়ে ব্যাঙ্গালুরুতে আউট করেছিলেন আফ্রিকা একাদশের হয়ে মাঠে নামা শন পোলককে।
এই ২০০ উইকেট অনেক আগেই হতে পারত মাশরাফির। ২০০১ সালে ওয়ানডেতে নিজের দ্বিতীয় ওভারেই গ্রান্ট ফ্লাওয়ারের স্টাম্প উড়িয়ে যে ক্যারিয়ারের যাত্রা শুরু, ১৪ বছরে সেই ক্যারিয়ার আজ থাকার কথা ছিল অনন্য উচ্চতায়। কিন্তু চোট জর্জর ক্যারিয়ারে বড় একটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। সাকিব আল হাসানের অভিষেকের সময় ৩৮ ম্যাচে ৪২ উইকেট ছিল মাশরাফির। সেই সাকিবের সঙ্গে ২০০ উইকেটের ক্লাবে ঢুকলেন একই ম্যাচে। সাকিবের প্রায় ৫ বছর আগে থেকে ওয়ানডে খেললেও ম্যাচ বেশি খেলেছেন মাত্র একটি। বুধবার ১৫৬তম মাচ খেলছেন সাকিব, মাশরাফি ১৫৭।
২০০১ সালের নভেম্বরে মাশরাফির অভিষেক থেকে এই পর্যন্ত ২৬৫টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। চোটের সঙ্গে লড়াই করে যাওয়া মাশরাফি খেলতে পেরেছেন ১৫৫টি (সঙ্গে এশিয়া একাদশের হয়ে দুটি)।
যেভাবে মাশরাফির ২০০ :
উইকেট | ম্যাচ | ব্যাটসম্যান | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
১ | ১ | গ্রান্ট ফ্লাওয়ার | জিম্বাবুয়ে | ঢাকা | ২০০১ |
৫০ | ৪১ | স্টিভ টিকোলো | কেনিয়া | নাইরোবি | ২০০৬ |
১০০ | ৭৮ | মিসবাহ-উল-হক | পাকিস্তান | লাহোর | ২০০৮ |
১৫০ | ১২০ | ক্যালাম ফার্গুসন | অস্ট্রেলিয়া | মিরপুর | ২০১১ |
২০০ | ১৫৭ | ডেভিড মিলার | দক্ষিণ আফ্রিকা | চট্টগ্রাম | ২০১৫ |
