২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মাটিতে সর্বোচ্চ উইকেট সাকিবের

বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট স্পর্শ করেছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হাশিম আমলাকে ফিরিয়ে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব। পরে আরও একটি উইকেট নিয়ে হয়ে গেছেন বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 04:32 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

দুইশ' থেকে ২ উইকেট দূরে থেকে এই ম্যাচ শুরু করেছিলেন সাকিব। মাইলফলক ছোঁয়ার দৌড়ে এগিয়ে ছিলেন বরং মাশরাফি বিন মুর্তজা। ১৯৯ উইকেট নিয়ে এই ম্যাচ শুরু করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু মন্থর উইকেটে প্রথম স্পেলে মাত্র ২ ওভার বোলিং করেই সাকিবকে বোলিংয়ে আনেন মাশরাফি। সাকিবও এক এক করে এগিয়ে ছুঁয়ে ফেললেন দুইশ'!

শুরুটা করেছিলেন ফাফ দু প্লেসিকে দিয়ে। স্পিনে দক্ষিণ আফ্রিকার এই দলের সবচেয়ে ভালো ব্যাটসম্যানদের একজন দু প্লেসি। কিন্তু ফ্লাইটেড বলে সুইপ করতে গিয়ে দু প্লেসি তুলে দেন আকাশে, গ্লাভসবন্দি করেন মুশফিকুর রহিম। উইকেট নম্বর ১৯৯!

সাকিবের ২০০ ছোঁয়ার সুযোগ এসে যায় একটু পরই। কিন্তু হাশিম আমলার ক্যাচ ফেলে দেন সাব্বির রহমান। তবে অপেক্ষা দীর্ঘায়িত হয়নি বেশিক্ষণ। সেই আমলাকে ফিরিয়েই ২০০ পূর্ণ করেন সাকিব। ক্যাচ নিয়েছেন সেই মুশফিকই।

সাকিবের আগে বাংলাদেশের হয়ে ২০০ উইকেট নিয়েছেন কেবল আব্দুর রাজ্জাক। সাকিবের পরে এই ম্যাচেই ২০০ উইকেট তুলে নেন মাশরাফিও।

২০১৩ সালের মার্চে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ২০০ ছুঁয়েছিলেন রাজ্জাক। সাচিত্রা সেনানায়েকে ছিল রাজ্জাকের দুইশতম উইকেট। সেই ম্যাচে ৬২ রানে ৫ উইকেট নিয়েছিলেন রাজ্জাক, শ্রীলঙ্কার মাটিতে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। রাজ্জাক ২০০ ছুয়েঁছিলেন ১৪১তম ম্যাচে। সাকিব ছুঁলেন ১৫৬ ম্যাচে।

এই দুজন ছাড়া ওয়ানডেতে বাঁহাতি স্পিনে ২০০ উইকেট আছে কেবল আর দুজনের। ৩২৩ উইকেট নিয়েছেন সনাৎ জয়াসুরিয়া, ৩০৫টি ড্যানিয়েল ভেট্টোরি।

দুইশ' উইকেটে রাজ্জাকের পদাঙ্ক অনুসরণ করেছেন সাকিব। আরেকটি অর্জনে ছাড়িয়েছেন রাজ্জাককে। দুশতম উইকেটে ছুঁয়েছিলেন দেশের মাটিতে রাজ্জাকের উইকেটসংখ্যাকে; পরে আরেকটি উইকেট নিয়ে গেছেন ছাড়িয়ে। এই ম্যাচে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের মাটিতে সাকিবের উইকেট এখন ১২৩টি। রাজ্জাকের ১২২টি। দেশে একশ' উইকেট আছে আর কেবল মাশরাফির, ১১৪টি।

যেভাবে সাকিবের ২০০ :

উইকেট

ম্যাচ

ব্যাটসম্যান

প্রতিপক্ষ

ভেন্যু

সাল

১

১

এলটন চিগুম্বুরা

জিম্বাবুয়ে

হারারে

২০০৬

৫০

৫০

মাইকেল ক্লার্ক

অস্ট্রেলিয়া

ডারউইন

২০০৮

১০০

৮৮

আসাদ শফিক

পাকিস্তান

ডাম্বুলা

২০১০

১৫০

১১৯

অ্যান্থনি মার্টিন

ওয়েস্ট ইন্ডিজ

চট্টগ্রাম

২০১১

২০০

১৫৬

হাশিম আমলা

দক্ষিণ আফ্রিকা

চট্টগ্রাম

২০১৫

পুরনো খবর:

ঈদের ছুটি বাড়াতে প্রধানমন্ত্রীকে মাশরাফির অনুরোধ
যে কোনো দলকে হারাতে পারি: তামিম
সবাইকে ছাড়িয়ে তামিম-সৌম্য জুটি
সাকিবের পর মাশরাফিরও ২০০