অলিম্পিকে ক্রিকেট ঢোকাতে আইসিসিকে উদ্যোগ নিতে আহ্বান
অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়ার জন্য খেলাটির নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে আহবান জানিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব(এমসিসি)।
এর আগে একবারই অলিম্পিকে ক্রিকেট হয়েছিল, ১৯০০ সালে প্যারিসের গ্রীষ্মকালীন প্রতিযোগিতায়। পরে অলিম্পিকে ক্রিকেট আর না হলেও কয়েক বছর ধরে ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় ক্রিকেটকে ফিরিয়ে আনার দাবি উঠেছে।
১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসি এর আগে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ছিল। এখনও ক্রিকেটের নিয়ম কানুনের অভিভাবক লর্ডস ক্রিকেট মাঠের মালিক ক্লাবটি।
ক্রিকেটের সবচেয়ে ছোট পরিসর টি-টোয়েন্টি ফরম্যাটকে অলিম্পিকে দেখতে চায় এমসিসি। আর এটা বাস্তবায়ন করতে আইসিসিকে তার সর্বোচ্চ চেষ্টা করার আহবান জানায় এমসিসি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমসিসি জানায়, পুরুষ ও মহিলা দুই ধরনের ক্রিকেটই অলিম্পিকে যোগ করার জন্য উদ্যোগ নেওয়ার বিষয়ে তাদের কমিটি ঐক্যমতে পৌঁছেছে।
অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে আইসিসির অবশ্য খুব একটা ইচ্ছা নেই। তবে ক্রিকেটের স্বার্থে নিজেদের অবস্থান থেকে আইসিসিকে সরে আসার আহবান জানায় এমসিসি।
২০২৪ সালের অলিম্পিকে ক্রিকেট যোগ করতে হলে আগামী ১২ মাসের মধ্যে এ বিষয়ে উদ্যোগী হতে হবে।
২০১২ সালের লন্ডন অলিম্পিকে মোট ২৬টি ক্রীড়ায় প্রতিযোগিতা হয়। আগামী বছর রিও দি জেনেইরোর অলিম্পিকে রাগবি সেভেনস ও গলফ যোগ হবে।
