২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে ২ বছর নিষিদ্ধ হচ্ছে চেন্নাই ও রাজস্থান ফ্র্যাঞ্চাইজি

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের জন্য চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের ফ্র্যাঞ্চাইজিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার কথা বলেছে ভারতের সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া একটি প্যানেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 05:25 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

সাবেক প্রধান বিচারপতি আরএম লোধার নেতৃত্বে এই প্যানেল চেন্নাই সুপার কিংসের ‘প্রিন্সিপাল’ এবং আইসিসি সভাপতি এন শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপ্পন ও রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক রাজ কুন্দ্রাকে সব ধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করেছে।

চেন্নাই সুপার কিংসের মালিক ইন্ডিয়ান সিমেন্টস এবং রাজস্থান রয়্যালসের মালিক জয়পুর আইপিএল। প্যানেলের এই সিদ্ধান্তের ফলে, প্রতিষ্ঠান দুটির সঙ্গে যুক্ত থেকে আগামী দুই বছর আইপিএলে খেলতে পারবে না দল দুটি।

প্যানেল প্রধান লোধার মতে, ফিক্সিং নিয়ে ওঠা বিতর্কের কারণে ক্রিকেট, বিসিসিআই ও আইপিএলের অনেক দুর্নাম হয়েছে। খেলাটির স্বচ্ছতা নিয়েও জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মনে করেন সাবেক এই প্রধান বিচারপতি।

ক্রিকেট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালের মে মাসে শ্রীশান্তসহ রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে এ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অনেকের পরিচয় ফাঁস হতে থাকে, গ্রেপ্তার হন আরো কয়েকজন।

তারই ধারাবাহিকতায় প্রেপ্তার হন সুপার কিংসের কর্মকর্তা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এন শ্রীনিবাসনের জামাই মায়াপ্পন। গ্রেপ্তার হওয়ার কিছুদিন পরেই অবশ্য জামিনে মুক্তি পান মায়াপ্পন।

২০১৩ সালের অক্টোবরে হাই কোর্টের সাবেক বিচারপতি মুকুল মুডগালের নেতৃত্বে একটি কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

পরে গত বছরের ফেব্রুয়ারিতে ওই কমিটির দেওয়া তদন্তে প্রতিবেদনে বলা হয়, সিএসকে-এর মুখপাত্র ছিলেন মায়াপ্পন এবং বাজির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাছাড়া দলের বিভিন্ন তথ্য মায়াপ্পন বাজিকরদের দিতেন বলেও তদন্তে বের হয়ে আসে।

তারপরই শ্রীনিবাসনের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ভারতের ক্রিকেট অঙ্গন। পরে সুপ্রিম কোর্টের আদেশে সরে দাঁড়ান শ্রীনিবাসন।

সবশেষ গত জানুয়ারিতে সুপ্রিম কোট মায়াপ্পন, কুন্দ্রা এবং তাদের দলের শাস্তি নির্ধারণের জন্য লোধাকে প্রধান করে কমিটি গঠন করে।

মঙ্গলবার লোধা জানান, রাজস্থান রয়্যালসের রাজ কুন্দ্রার তার কর্মকাণ্ড ক্রিকেট, বিসিসিআই ও আইপিএলের সুনাম নষ্ট করেছে। 

আর মায়াপ্পনের কাজ খেলাটির ভাবমূর্তির উপর প্রচণ্ড আঘাত হেনেছে। তারপরও ইন্ডিয়া সিমেন্ট তার বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেয়নি বলে উল্লেখ করেন লোধা।