জিম্বাবুয়ে সফর শেষ রাইডুর
জিম্বাবুয়ে সফর শেষ হয়ে গেছে আম্বাতি রাইডুর। ডান ঊরুর পেশীতে চোট পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ এবং দুটি টি-টোয়েন্টির জন্য রাইডুর জায়গায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা সাঞ্জু স্যামসনকে দলে নিয়েছে ভারত।
সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানায়, চোট থেকে রাইডুর পুরোপুরি সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।
এবারের জিম্বাবুয়ে সফরে প্রথম দুটি ম্যাচ জিতে এরই মধ্যে তিন ওয়ানডের সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। আগামী মঙ্গলবার হারারেতে হবে শেষ ওয়ানডেটি। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি হবে যথাক্রমে আগামী শুক্রবার ও রোববার।
প্রথম ওয়ানডেতে ৪ রানে জয়ের পথে অপরাজিত ১২৪ রানের দারুণ এক ইনিংস খেলেন রাইডু।
