ছেলে-মেয়ে মানুষ করাই মাশরাফির আসল চ্যালেঞ্জ!
ক্যারিয়ারে এত চ্যালেঞ্জ জিতেছেন যে মাঠের ক্রিকেটকে এখন আর বড় কোনো চ্যালেঞ্জ মনে হয় না মাশরাফি বিন মুর্তজার। বাংলাদেশ অধিনায়কের কাছে এর চেয়ে কঠিন চ্যালেঞ্জ নিজের ছেলে-মেয়েদের গড়ে তোলা!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডে হারের পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছিলেন, দলকে টানা হার থেকে উদ্ধার করা তার নতুন চ্যালেঞ্জ। মাঝে পেরিয়েছে মোটে একটি দিন। সেই চ্যালেঞ্জ মাশরাফি জিতেছেন হেলায়। প্রবল পরাক্রমশালী মনে হওয়া দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটে-বলে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, তার আসল চ্যালেঞ্জ মাঠের বাইরে, নিজের ঘরে।
“চ্যালেঞ্জ ছিল, তবে তেমন কিছু না। আমার কাছে তো মনে হয়, প্রত্যেকটি দিনই একেকটা চ্যালেঞ্জ। আমার একটি ছেলে আছে, একটি মেয়ে আছে, ওদের মানুষ করে তোলাই আমার আসল চ্যালেঞ্জ। আর কোনো কিছুই আমার তেমন কঠিন মনে হয় না।”
বাংলাদেশ অধিনায়ক মাশরাফি ও তার স্ত্রী সুমনা হক সুমির ঘরে দুটি সন্তান। মেয়ে হুমায়রার বয়স চার বছর। আর গত ৫ অক্টোবর মাশরাফির জন্মদিনেই পৃথিবীতে এসেছে ছেলে সাহিল।
