২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌজন্য টিকিট নিয়ে অসহায় বিসিবি প্রধানও!

এমনিতেই মিরপুর স্টেডিয়ামে আসন সংখ্যা চাহিদার তুলনায় নিতান্তই কম। তার ওপর আবার প্রায় অর্ধেক টিকিটই দেওয়া হয় সৌজন্য! এই ধারা থেকে বের হওয়া উপায় দেখছেন না বিসিবি প্রধান নাজমুল হাসানও। তবে তিনি জানালেন, টিকিট নিয়ে নানা সমস্যার সমাধানে ভবিষ্যতে অন লাইনে টিকিট ছাড়া হতে পারে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 10:02 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

শের-ই-বাংলা স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ২৬ হাজার। এর প্রায় ৪০-৪৫ শতাংশ টিকিটই বিক্রির জন্য নয়। বিসিবি এসব টিকিট বিভিন্ন সংস্থা, ব্যক্তিকে দেয় সৌজন্য হিসেবে।

শনিবার বিসিবিতে এক সংবাদ সম্মেলনে সৌজন্য টিকিট নিয়ে অসহায়ত্ব উঠে এলো নাজমুল হাসানের কণ্ঠে।

“আমাদের কিছু সংস্থাকে টিকেট দিতে হয়। বোর্ড পরিচালকরা ৩০-৪০টা করে টিকেট নিচ্ছে, কিনে নিচ্ছে। এখানের স্টাফদের দিতে হচ্ছে, ক্লাবগুলোতে দিতে হচ্ছে- কাউকে না করতে পারছি না। বিসিবির কাউন্সিলরদের দিতে হচ্ছে।”

তবে বোর্ড প্রধানের দাবি, আগের চেয়ে অনেক কমেছে সৌজন্য টিকিটের পরিমাণ।

“আগে সংসদের সব সদস্যরা পেতেন, এখন সাড়ে তিনশর মধ্যে বড় জোর ৫০-৬০ জন পান, যারা খেলা দেখতে আসেন। আগে সব মন্ত্রণালয়ে যেত, এখন নির্দিষ্ট কয়েকটা মন্ত্রণালয়ে যায়। ঢালাওভাবে কোথাও পাঠানো হয় না। রাজনৈতিক পর্যায়ে তো একেবারেই শূন্যের পর্যায়ে নেমে এসেছে। আগের চেয়ে এখন অনেক কম। এটা আরও কমানো যেতে পারে কিন্তু সমস্যার সমাধান হবে না। কারণ, চাহিদা অনেক বেশি।”

সৌজন্য টিকিটের চাহিদা কেমন, সেটির একটি উদাহরণ দিলেন বোর্ড প্রধান মুশফিকুর রহিমের একটা ঘটনা বলে।

“আপনাদের একটা উদাহরণ দেই টিকেটের চাহিদা কেমন। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ জেতার পর আমি মুশফিককে জিজ্ঞেস করলাম, ‘কি চাও বলো’। সে আমাকে বলল, ‘কিছু চাই না, আমাকে শুধু দুইটা টিকেট দেন।’ এই হচ্ছে পরিস্থিতি। ক্রিকেটারদের দেওয়া হয় সৌজন্য টিকিট, কিন্তু আরও বেশি চাইলে তো না দিয়ে উপায় নেই।”

সৌজন্য টিকিট ছাড়া বাকি যেসব টিকিট ব্যাংকে দেওয়া হয়, সেসব নিয়েও অনেক অভিযোগ আছে। টিকিট কালোবাজারির ঘটনা নিত্য, ক্রিকেটপ্রেমীরা প্রায়ই দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থেকেও টিকিট পায় না। মোবাইল সার্ভিসে বুকিং দিয়েও অনেক সময় অনেকে টিকিট পাওয়া যায় না বলে অভিযোগ আছে।

এ সব সমস্যার কথা জানা আছে বিসিবিরও। বিসিবি প্রধান তাই সমস্যা সমাধানের পথও ভেবেছেন।