২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের জয়

ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর ব্যাট হাতে অসাধারণ এক শতক করেছেন মোহাম্মদ হাফিজ। তার অলরাউন্ড নৈপুণ্যে ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 06:33 PM

Updated : 12 Oct 2022, 04:00 PM

ডাম্বুলায় শনিবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়টি ৬ উইকেটে। ৮ উইকেটে শ্রীলঙ্কার করা ২৫৫ রান ২৮ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে টপকে যায় সফরকারীরা।

টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শুরুটা করে দেখেশুনে। পাওয়ার প্লের ১০ ওভারে ৪৮ রান করে তারা। এর মধ্যেই অবশ্য আউট হয়ে ফেরেন কুশল পেরেরা। ৩৫ বলে ৪টি চারে ২৬ রান করেন তিনি।

এরপর দ্রুতই আউট হন লাহিরু থিরিমান্নে, উপুল থারাঙ্গা ও তিলকারত্নে দিলশান। ২৬.১ ওভারে ১১৮ রান করতেই ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা।

অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমালের ব্যাটে অবশ্য প্রতিরোধ গড়ে তোলে স্বাগতিকরা। পঞ্চম উইকেট জুটিতে ৫.২৩ গড়ে ৮২ রান তোলেন তারা। লেগস্পিনার ইয়াসির শাহর বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে ম্যাথিউস আউট হয়ে ফিরলে ১৫.৪ ওভারের জুটিটি ভাঙে।

চান্দিমাল ৫টি চার ও একটি ছয়ে ৬৮ বলে ৬৫ রান করে অপরাজিত ছিলেন। লোয়ার অর্ডারে আর কেউ বড় ইনিংস খেলতে না পারায় শ্রীলঙ্কার ইনিংসটাও খুব বেশি এগোয়নি।

শ্রীলঙ্কা মূলত এলোমেলো হয়ে যায় হাফিজের ঘূর্ণিতেই। ১০ ওভার বল করে ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন এই অফস্পিনার। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং। এর আগে হাফিজের সেরা বোলিং ফিগার ছিল ১৭ রানে ৩ উইকেট। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।

জয়ের জন্য মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ৬৫ রান তুলতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান আজহার আলি ও আহমেদ শেহজাদকে হারায় পাকিস্তান। অধিনায়ক আজহার ফেরেন ২১ রান করে। আর শেহজাদ করেন ২৯ রান।

দ্রুত উইকেট হারানোর পরও পাকিস্তানকে বিপদে পড়তে দেননি ক্যারিয়ারের দশম ওয়ানডে শতক পাওয়া হাফিজ। ১০টি চার ও ৪টি ছয়ে ৯৫ বলে ১০৩ রান করে আউট হন তিনি। ম্যাচ সেরা হাফিজের এই ইনিংসের কল্যাণে সহজেই জয়ের বন্দরে নোঙর ফেলতে পারে পাকিস্তান।

আউট হওয়ার আগে বাবরের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৮ আর চতুর্থ উইকেটে শোয়েব মালিকের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন হাফিজ।

হাফিজ আউট হওয়ার পর ওয়ানডে ক্যারিয়ারে ৩২তম অর্ধশতক পাওয়া মালিক ও মোহাম্মদ রিজওয়ানের অবিচ্ছিন্ন ৬১ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

৪৬তম ওভারের দ্বিতীয় বলে ছয় মেরে খেলা শেষ করা মালিক অপরাজিত ছিলেন ৫৫ রানে। আর রিজওয়ান করেন অপরাজিত ২০ রান।

শ্রীলঙ্কার পক্ষে একটি করে উইকেট নেন সুরঙ্গা লাকমাল, থিসারা পেরেরা, ম্যাথিউস ও দিলশান।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে পাল্লেকেলেতে আগামী বুধবার।