দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের তরুণদের প্রথম হার
দক্ষিণ আফ্রিকা সফরে জয়ের ধারা ধরে রাখতে পারেনি বাংলাদেশের তরুণরা। স্বাগতিক অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
এই হারের পরও অবশ্য ৭ ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৮ উইকেটে ও ২৯ রানে জিতেছিল মেহেদি হাসান মিরাজের দল।
পিতারমারিসবার্গের সিটি ওভাল মাঠে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ১৬৫ রান করে বাংলাদেশ। জবাবে ৩৭.৫ ওভারে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। বড় কোনো জুটিই গড়তে পারেনি তারা।
